মুন্সিগঞ্জের সিরাজদিখানে আলমগীর হোসেন (৩৯) নামের এক ব্যক্তিকে হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। স্বর্ণালংকার নিয়ে বিরোধের জেরে আপন ভাই ও ভাবির পরিকল্পনা অনুযায়ী তাঁকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পিবিআই। নিহত আলমগীরের বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরছড়ি গ্রামে। তিনি মুন্সিগঞ্জ সদর উপজেলার বিনোদপুর এলাকায় দেলোয়ার উকিলের বাসায় ভাড়া থেকে বিভিন্ন এলাকায় বাদাম-বুট ফেরি করে জীবিকা নির্বাহ করতেন।
ঘটনার সূত্রপাত হয় আলমগীরের জমা রাখা এক ভরি স্বর্ণালংকার নিয়ে। আলমগীর তাঁর ভাই জাহাঙ্গীর হোসেন ও ভাবি রিনা বেগমের কাছে ওই সোনা জমা রেখেছিলেন। অভিযোগ রয়েছে, আলমগীরের অজান্তে তাঁর ভাই ও ভাবি ওই সোনা থেকে তিন আনা বন্ধক রেখে আট হাজার টাকা নিয়েছিলেন। বিষয়টি জানাজানি হলে তাঁদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে জাহাঙ্গীর সোনা বন্ধকের স্লিপ ও টাকা শফিকুলের কাছে জমা রেখে মানিকগঞ্জে চলে যান। কিছুদিন পর ওই সোনা ছাড়িয়ে অপর একটি দোকানে আবার বন্ধক রাখা হয়। বিষয়টি জানতে পেরে আলমগীর হিসাব চাইলে তাঁদের মধ্যে তর্কবিতর্ক হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিস বসলেও স্বর্ণালংকার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে জাহাঙ্গীর ও রিনা সোনা ফেরত না দিয়ে ঘটনার আনুমানিক ১০ দিন আগে আলমগীরকে হত্যার পরিকল্পনা করেন।
পরিকল্পনা অনুযায়ী, ১১ নভেম্বর আলমগীরের দুই বন্ধু মো. সাদ্দাম হোসেন ও মো. শফিকুল ইসলাম বিয়ের পাত্রী দেখানোর কথা বলে তাঁকে বাড়ি থেকে ডেকে নেন। পিবিআই জানায়, সাদ্দামকে এই হত্যাকাণ্ডের জন্য এক লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন জাহাঙ্গীর ও রিনা। রিকাবীবাজার থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে আলমগীরকে বালুচরের দিকে নিয়ে যাওয়ার সময় পথে জাহাঙ্গীর ও রিনার ভাড়া করা আরও দুজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি অটোরিকশায় ওঠেন। কালিরনগর এলাকায় পৌঁছানোর পর ওই ব্যক্তিরা আলমগীরের পকেটে থাকা টাকা ও স্বর্ণালংকার খুঁজতে থাকেন। আলমগীর চিৎকার করলে ওই ব্যক্তিরা তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে মাটিতে ফেলে দেন। ধস্তাধস্তির মধ্যে ইট দিয়ে তাঁর মাথায় সজোরে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মরদেহ গোপন করতে কালিরনগরের একটি বাগানের খড়ের স্তূপের নিচে লুকিয়ে রেখে তাঁরা পালিয়ে যান।
ঘটনার পরদিন ১৭ নভেম্বর আলমগীরের মা ছায়েরা বেগম নিখোঁজের ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় জিডি করেন। ওই সন্ধ্যায় স্থানীয়রা খড়ের স্তূপের নিচে অর্ধগলিত মরদেহ দেখতে পান। চেহারা বিকৃত হয়ে যাওয়ায় মরদেহের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে পুলিশ তাঁর পরিচয় নিশ্চিত করে। এরপর তাঁর মা বাদী হয়ে সিরাজদিখান থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। পিবিআই মুন্সিগঞ্জ জেলা স্বতঃপ্রণোদিত হয়ে মামলাটির তদন্তভার গ্রহণ করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় পিবিআই আলমগীরের ভাই জাহাঙ্গীর হোসেন (৩৫), ভাবি রিনা বেগম (২৪) এবং বন্ধু সাদ্দাম হোসেন ও শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে সাদ্দাম ও শফিকুল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকি দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ইট ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পিবিআই।




