যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সরকারি ও প্রযুক্তিগত ব্যবস্থায় একের পর এক বিপর্যয়ের প্রেক্ষাপটে দেশটির জাতীয় সাইবার নিরাপত্তা বিভাগের নতুন পরিচালক হিসেবে কার্স্টেন ডেভিসকে নিয়োগ দিয়েছে হোয়াইট হাউস। গত বৃহস্পতিবার এই নিয়োগের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। তিনি বিদায়ী পরিচালক শন কেয়ার্নক্রসের স্থলাভিষিক্ত হচ্ছেন।
কার্স্টেন ডেভিস ইতিপূর্বে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প প্রশাসনের মন্ত্রিসভার একাধিক সদস্য তার এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন। নতুন দায়িত্ব গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ডেভিস জানান, ‘আমাদের দেশ এখন এনালগ, ডিজিটাল ও কোয়ান্টাম প্রযুক্তির সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। আমেরিকানদের জীবনযাপন ক্রমেই এসব প্রযুক্তির সঙ্গে সংযুক্ত হয়ে পড়ছে।’
কার্স্টেন ডেভিস আরও বলেন, আগামী প্রজন্মের জন্য সাইবার জগতে যুক্তরাষ্ট্রের আধিপত্য প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। তবে এর জন্য দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ভিত্তিকে আধুনিকায়ন করার পাশাপাশি সেগুলোর স্থিতিশীলতা ও কার্যক্ষমতা বৃদ্ধি করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ সাইবার জনবল গড়ে তোলার ওপর জোর দেন তিনি।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে ধারাবাহিক প্রযুক্তিগত সমস্যায় যাতায়াতব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি কর্মক্ষেত্রে যোগাযোগ ও ব্যাংকিং সেবা সীমিত হয়ে পড়ে এবং গোপনীয় সরকারি যোগাযোগব্যবস্থাও বিঘ্নিত হয়। গত এক সপ্তাহের মধ্যে মাইক্রোসফট, চেজ ব্যাংক, যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা এবং জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সেবা প্রযুক্তিগত সমস্যার মুখে পড়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প প্রশাসন ব্যাপক সমালোচনার মুখে পড়ে, এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থকদের কয়েকজনও সরকারের বিরুদ্ধে তথ্য গোপন বা সত্য না বলার অভিযোগ তোলেন।
তবে এসব ঘটনার পেছনে কোনো যোগসূত্র বা কোনো অসৎ পক্ষের ষড়যন্ত্র রয়েছে—এমন ধারণা নাকচ করে দেওয়ার চেষ্টা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার তিনি স্পষ্ট জানান, সাম্প্রতিক প্রযুক্তিগত বিপর্যয়গুলোর মধ্যে পারস্পরিক কোনো সম্পর্ক বা কোনো চক্রান্তকারীর সংশ্লিষ্টতার পক্ষে ‘শূন্য’ তথ্যপ্রমাণ রয়েছে।
তিন দিনের এশিয়া সফর শেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে ফেরার সময়েই হোয়াইট হাউস থেকে নতুন সাইবার পরিচালক নিয়োগের বিষয়টি জানানো হয়। এশিয়া সফরে থাকা অবস্থায় অবশ্য ট্রাম্প এসব প্রযুক্তিগত সমস্যাকে খুব একটা গুরুত্ব দেননি এবং মন্তব্য করেছিলেন যে, ‘এ ধরনের ঘটনা ঘটতেই পারে।’ এদিকে নতুন পরিচালক কার্স্টেন ডেভিসকে অভিনন্দন জানিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক্সে লিখেছেন, ডেভিস নিজেকে একজন নিবেদিতপ্রাণ দেশপ্রেমিক ও পেশাদার হিসেবে প্রমাণ করেছেন। সাইবার নিরাপত্তার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতি এগিয়ে নিতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন হেগসেথ।




