বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান জীবনের ৬১ বছর পার করে আজ ৬২ বছরে পদার্পণ করেছেন। ১৯৬৫ সালের ২০ নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র। তবে দলীয় প্রধানের জন্মদিন উপলক্ষে কেক কাটা, ব্যানার-পোস্টার লাগানো কিংবা আলোচনা সভাসহ কোনো ধরনের আড়ম্বরপূর্ণ উৎসব পালন না করার সিদ্ধান্ত নিয়েছে তার দল বিএনপি। দলটির নেতাকর্মীরা গত কয়েক বছর ধরেই এই রীতি বজায় রেখে চলছেন।
কর্মসূচির বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহul কবির রিজভী নিশ্চিত করেছেন যে, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দলীয়ভাবে কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন বা সভা-সমাবেশ রাখা হয়নি। সম্পূর্ণ অনাড়ম্বরভাবেই দিনটি অতিবাহিত হচ্ছে।
তারেক রহমানের শিক্ষাজীবন শুরু হয় ঢাকা সেনানিবাসের শাহীন হাই স্কুল অ্যান্ড কলেজে। পরবর্তীতে তিনি সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন এবং ১৯৮২ সালে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে এসএসসি পাস করেন। ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হলেও পরে তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্থানান্তরিত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ মুসলিম হলের এই শিক্ষার্থী প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, হবস, লক, রুশো, ভলতেয়ার ও কার্ল মার্কসের মতো খ্যাতিমান রাজনৈতিক ও সামাজিক চিন্তাবিদদের তত্ত্ব ও দর্শন গভীর ধৈর্যের সঙ্গে অধ্যয়ন করেন।
১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলায় প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তারেক রহমান। পরবর্তীতে ১৯৯৩ সালে তিনি দলটির বগুড়া জেলা কমিটির সদস্য হন। অবশ্য প্রাতিষ্ঠানিক পদে আসার আগেই ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি মা বেগম খালেদা জিয়ার সঙ্গে সারা দেশে বিস্তৃত নির্বাচনি প্রচারে সক্রিয় ছিলেন। দলের জাতীয় প্রচারণা কৌশল কমিটির সদস্য হিসেবে তিনি বেগম খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বিতা করা পাঁচটি আসনের নির্বাচন সমন্বয় করেছিলেন, যার সবকটিতেই প্রার্থীরা জয়লাভ করেন। ২০০১ সালের নির্বাচনেও তিনি পৃথক কৌশলে সারা দেশে প্রচার কার্যক্রমে নেতৃত্ব দেন এবং আনুষ্ঠানিকভাবে দলের সক্রিয় নীতি নির্ধারণে অংশ নেন। স্থানীয় সমস্যা, সুশাসন ও জনস্বার্থের বিষয় নিয়ে গবেষণা ও মতবিনিময় শেষে ২০০২ সালে তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মনোনীত হন। ২০০৫ সালে সারা দেশে তৃণমূল সম্মেলন আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষ ও তৃণমূল নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করেন তিনি।
রাজনৈতিক জীবনপ্রবাহে ২০০৭ সালের ১১ জানুয়ারি রাজনৈতিক পটপরিবর্তনের পর তৎকালীন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ৭ মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। কারাবন্দি অবস্থায় তার ওপর মারাত্মক শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। ২০০৮ সালের ৯ জানুয়ারি আদালতের কাছে নিজের সুরক্ষার আবেদন জানিয়ে শারীরিক নির্যাতনের কথা তুলে ধরেন তিনি। তার মেরুদণ্ডে গুরুতর আঘাতের বিষয়টি সে সময় আইনজীবীরাও আদালতে পেশ করেন। উন্নত চিকিৎসার জন্য ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তিনি লন্ডনে গমন করেন, যার মাধ্যমে সূচনা হয় ১৭ বছরের দীর্ঘ নির্বাসিত জীবনের। লন্ডনে অবস্থানকালেই ছোট ভাই আরাফাত রহমান কোকোর অকালমৃত্যু এবং মা বেগম খালেদা জিয়ার কারাদণ্ডের মতো ব্যক্তিগত ও পারিবারিক ট্র্যাজেডির মুখোমুখি হতে হয় তাকে।
প্রবাসে থেকেও ২০০৯ সালের ৮ ডিসেম্বর বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তারেক রহমান। ২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারারুদ্ধ হলে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে ভার্চুয়াল মাধ্যম ও ধারাবাহিক যোগাযোগের মাধ্যমে প্রতিকূল পরিস্থিতিতেও দলকে ঐক্যবদ্ধ রাখেন। ২০২৩ সালের ১২ জুলাই তিনি সরকারের বিরুদ্ধে এক দফা আন্দোলন এবং ১৩ জুলাই রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা ঘোষণা করেন।
দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফেরেন তারেক রহমান। এর আগে ২০২৫ সালের ১৩ জুন যুক্তরাজ্যে তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার একটি দ্বিপক্ষীয় বৈঠক হয়, যাকে দলটির পক্ষ থেকে টার্নিং পয়েন্ট হিসেবে অভিহিত করা হয়েছিল। গত বছর ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার প্রয়ানের পর চলতি বছরের ৯ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন তারেক রহমান। পরবর্তীতে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর ১৭ ফেব্রুয়ারি দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।




