বর্তমান বিশ্বজুড়ে অনেক বহুজাতিক ও করপোরেট প্রতিষ্ঠানের কাছে পরিবেশবান্ধব মনোভাব এখন আর নৈতিক কোনো দায়বদ্ধতা নয়, বরং তা মুনাফা বৃদ্ধির একটি সুচতুর বিজ্ঞাপনী কৌশলে পরিণত হয়েছে। বিজ্ঞাপনের রঙিন পর্দায় এসব প্রতিষ্ঠান নিজেদের পরিবেশপ্রেমী হিসেবে তুলে ধরে। প্লাস্টিকের বদলে পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার, কার্বন নিঃসরণ কমানোর অঙ্গীকার কিংবা বৃক্ষরোপণের মতো উদ্যোগগুলোকে তারা বড় করে প্রচার করে। তবে এসব দাবির সত্যতা নিয়ে অনেক ক্ষেত্রেই প্রশ্ন থেকে যায়, যা মূলত 'গ্রিনওয়াশিং' বা 'সবুজ ধোঁকাবাজি' হিসেবে পরিচিত।
গ্রিনওয়াশিং হলো এমন এক প্রচারণা, যেখানে কোনো ব্র্যান্ড বা প্রতিষ্ঠান নিজেদের পরিবেশ-সচেতন হিসেবে উপস্থাপন করে ব্যবসায়িক স্বার্থ হাসিল করে। যদিও বিষয়টি নতুন মনে হতে পারে, তবে এর ইতিহাস অনেক পুরোনো। ১৯৮৬ সালে আমেরিকার পরিবেশকর্মী জে ওয়েস্টারভেল্ট প্রথম এই শব্দটি ব্যবহার করেন। বর্তমানে বাংলাদেশেও এর প্রভাব স্পষ্ট। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের সচেতনতা বাড়ার সুযোগ নিয়ে কিছু প্রতিষ্ঠান নিজেদের পণ্য ও কার্যক্রমকে 'ইকো-ফ্রেন্ডলি', 'শতভাগ প্রাকৃতিক' বা 'টেকসই' হিসেবে প্রচার করছে। মোড়ক, লোগো এবং বিজ্ঞাপনে এসব শব্দের ব্যবহার ভোক্তাদের আকৃষ্ট করার অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে, যদিও তাদের বাস্তব কর্মকাণ্ডের সাথে এসব দাবির মিল কম।
প্রকৃতপক্ষে, পরিবেশবান্ধব হতে হলে প্রযুক্তি, গবেষণা, বর্জ্য ব্যবস্থাপনা এবং দূষণ নিয়ন্ত্রণে বড় ধরনের বিনিয়োগের প্রয়োজন হয়, যা অনেক প্রতিষ্ঠানের কাছে ব্যয়বহুল। এর পরিবর্তে বিজ্ঞাপন ও প্রচারণায় গুরুত্ব দেওয়া অনেক বেশি সাশ্রয়ী। এতে ভোক্তারা আকৃষ্ট হওয়ার ফলে পণ্যের চাহিদা ও বিক্রি বাড়ে, যা প্রতিষ্ঠানের মুনাফা নিশ্চিত করে। কিন্তু এই প্রক্রিয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পরিবেশ। কার্যকর পদক্ষেপের অভাবে নদী-নালা, বায়ু ও বনাঞ্চলের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। পাশাপাশি, বিভ্রান্তিকর প্রচারণায় ভোক্তারা প্রতারিত বোধ করেন এবং প্রতিষ্ঠানের ওপর আস্থা হারান। এটি কেবল বাণিজ্যিক প্রতারণা নয়, বরং পরিবেশ রক্ষায় সচেতন মানুষের বিশ্বাসের সঙ্গেও এক ধরনের প্রতারণা।
গ্রিনওয়াশিংয়ের এই ফাঁদ থেকে পরিবেশকে রক্ষা করতে হলে কিছু পদক্ষেপ নেওয়া জরুরি। প্রথমত, রাষ্ট্রকে আইনি পর্যায়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত, করপোরেট প্রতিষ্ঠানগুলোর পরিবেশবান্ধব দাবির সত্যতা যাচাইয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং বৈজ্ঞানিক বা ল্যাব টেস্টের প্রমাণ বাধ্যতামূলক করতে হবে। তৃতীয়ত, বিভ্রান্তিকর প্রচারণার জন্য বড় অঙ্কের জরিমানা ও শাস্তির বিধান থাকতে হবে। চতুর্থত, ভোক্তাদের সচেতন হতে হবে এবং পণ্য কেনার সময় দাবির সত্যতা যাচাই করতে হবে। পঞ্চমত, প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ রক্ষায় গৃহীত উদ্যোগের বাস্তব ফলাফল নিয়মিত প্রকাশ করতে হবে। প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হওয়া উচিত পরিবেশ রক্ষায় বাস্তব ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। সঠিক তথ্য ও প্রকৃত পরিবেশবান্ধব কার্যক্রমই ভোক্তাদের আস্থা ফেরাতে পারে এবং একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সহায়ক হতে পারে।




