ইউরোপীয় ইউনিয়ন ও সংশ্লিষ্ট ইউরোপীয় দেশগুলোতে আন্তর্জাতিক সুরক্ষার আবেদনকারীদের মধ্যে বাংলাদেশিরা বর্তমানে তৃতীয় বৃহত্তম গোষ্ঠী হিসেবে উঠে এসেছে। ইউরোপিয়ান ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলামের (ইইউএএ) ১০ সেপ্টেম্বর প্রকাশিত ২০২৬ সালের প্রথমার্ধের পর্যালোচনায় এই তথ্য উঠে এসেছে। সংস্থাটির হিসাব অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ইউরোপে বাংলাদেশিদের প্রায় ২০ হাজার আন্তর্জাতিক সুরক্ষার আবেদন জমা পড়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ শতাংশ বেশি। জাতীয়তাভিত্তিক তালিকায় আফগানিস্তান ও ভেনেজুয়েলার পরেই বাংলাদেশিদের অবস্থান।
আবেদনকারীদের সংখ্যার তুলনায় বাংলাদেশিদের জন্য শরণার্থী মর্যাদা বা সহায়ক সুরক্ষা পাওয়ার হার অত্যন্ত কম। ইইউএএ-এর পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে প্রথম দফায় নিষ্পত্তি হওয়া আবেদনগুলোর মধ্যে মাত্র ৩ শতাংশ ক্ষেত্রে সুরক্ষা মঞ্জুর করা হয়েছে। অর্থাৎ প্রতি ১০০টি সিদ্ধান্তের মধ্যে আনুমানিক মাত্র তিনটি আবেদন গৃহীত হয়েছে। তবে এই ৩ শতাংশের হিসাবটি মোট জমা পড়া আবেদনের ওপর নয়, বরং প্রথম দফায় নিষ্পত্তি হওয়া আবেদনের সিদ্ধান্তের ভিত্তিতে করা হয়েছে। জুনের শেষ নাগাদ প্রায় ৩৬ হাজার বাংলাদেশির আবেদন প্রথম দফার সিদ্ধান্তের অপেক্ষায় ছিল, যার মধ্যে আপিল বা পরবর্তী বিচারিক পর্যায়ের আবেদন অন্তর্ভুক্ত নয়।
ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের ১৬ নভেম্বর প্রকাশিত মাসিক প্রতিবেদনে আগস্ট মাসের চিত্র তুলে ধরা হয়েছে। সেখানে দেখা গেছে, আগস্ট মাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক সুরক্ষার আবেদনকারীদের তালিকায় বাংলাদেশিরা দ্বিতীয় অবস্থানে ছিলেন। ওই মাসে মোট ২ হাজার ৫৮৫ জন বাংলাদেশি প্রথমবারের মতো আবেদন করেছেন, যা আফগান নাগরিকদের (৩ হাজার ৬৬০ জন) পরেই। আগস্টে ইইউভুক্ত দেশগুলোতে সামগ্রিকভাবে প্রথমবারের আবেদন আগের বছরের একই মাসের তুলনায় ৩৩ শতাংশ কমলেও বাংলাদেশিদের আবেদনের হার উল্লেখযোগ্য ছিল।
বাংলাদেশি আবেদনকারীদের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের 'নিরাপদ উৎসদেশ' নীতি এখন নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। ২০২৬ সালের ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ১২ জুন থেকে সংশ্লিষ্ট বিধান কার্যকর হয়েছে। এর ফলে তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের আবেদন সাধারণত দ্রুততর প্রক্রিয়ায় পরীক্ষা করা হয়। তবে ইইউএএ-এর মতে, এর অর্থ এই নয় যে সব আবেদন স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাখ্যান করা হবে। যদি কোনো আবেদনকারী নিজ দেশে নির্যাতন বা ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকির বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেন, তবে ব্যক্তিগত পরিস্থিতির ভিত্তিতে তাঁর আবেদন মূল্যায়ন করতে হবে।
২০২৬ সালের প্রথম ছয় মাসে ইউরোপীয় ইউনিয়ন ও সংশ্লিষ্ট দেশগুলোতে মোট ৩ লাখ ৩২ হাজার আন্তর্জাতিক সুরক্ষার আবেদন জমা পড়েছে, যা গত বছরের তুলনায় ১৭ শতাংশ কম। এর মধ্যে ফ্রান্স, ইতালি, স্পেন ও জার্মানিতে সবচেয়ে বেশি আবেদন জমা হয়েছে। ইউরোপে বসবাসরত বাংলাদেশিদের জন্য এসব নীতিগত পরিবর্তন ও পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে ফ্রান্স, ইতালি, জার্মানি, স্পেন ও গ্রিসে অবস্থানরতদের জন্য ব্যক্তিগত ঝুঁকির সত্যতা ও প্রাসঙ্গিক প্রমাণ উপস্থাপন করা এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ শুধু অর্থনৈতিক কারণে করা আবেদন আন্তর্জাতিক সুরক্ষার শর্ত পূরণ করে না।
এদিকে, ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের ১৬ নভেম্বর প্রকাশিত সর্বশেষ মাসিক প্রতিবেদনে দেখা গেছে, ২০২৬ সালের আগস্টে ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলোতে প্রথমবারের মতো আন্তর্জাতিক সুরক্ষার আবেদন করেছেন ৩৪ হাজার ৮৩৫ জন।
এরপর সুদানের ২ হাজার ৯০ জন এবং ইউক্রেনের ১ হাজার ৪৭৫ জন নাগরিক প্রথমবারের মতো আশ্রয়ের আবেদন করেন।ইউরোস্ট্যাট জানিয়েছে, আগস্টে ইউরোপীয় ইউনিয়নে প্রথমবারের মতো আশ্রয়ের আবেদন আগের বছরের একই মাসের তুলনায় ৩৩ শতাংশ কমেছে।




