বিশ্বব্যাংকের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুত ও ধারাবাহিক আর্থিক সংস্কার বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশের বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ দশমিক ৭ শতাংশে উন্নীত হওয়া সম্ভব। এর জন্য রাজস্ব আদায়ের পরিমাণ বাড়ানো, সরকারি ব্যয়ের দক্ষতা নিশ্চিত করা এবং বিদ্যুৎ ও গ্যাস খাতের ভর্তুকিতে সংস্কার আনার তাগিদ দিয়েছে সংস্থাটি। সংস্কার কার্যক্রম জোরদার করা হলে ২০৩৫ সালের মধ্যে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাতে রাজস্ব আয় বর্তমানের ৮ শতাংশ থেকে বেড়ে ১৪ দশমিক ৪ শতাংশে পৌঁছাতে পারে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত ‘বাংলাদেশ পাবলিক ফাইন্যান্স রিভিউ, ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরে বিশ্বব্যাংক। আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাটি জানায়, দেশে রাজস্ব আহরণের হার কম হলেও পরিচালন ব্যয় দিন দিন বাড়ছে এবং জ্বালানি খাতের আর্থিক চাপ তীব্র হচ্ছে। এর ফলে শিক্ষা, স্বাস্থ্য, মানবসম্পদ উন্নয়ন ও অবকাঠামোর মতো অগ্রাধিকারমূলক খাতে উন্নয়ন ব্যয়ের সক্ষমতা বাধাগ্রস্ত হচ্ছে। তবে প্রবৃদ্ধি ও কর্মসংস্থান কৌশলের প্রধান ভিত্তি হিসেবে আর্থিক সংস্কারকে রূপ দিতে পারলে ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্য অর্জন সম্ভব হবে।
প্রতিবেদনে বাংলাদেশের রাজস্ব আয়ের খাতকে বেশ দুর্বল হিসেবে চিহ্নিত করা হয়েছে। তথ্য অনুযায়ী, ২০২৫ অর্থবছরে দেশে কর রাজস্ব ছিল জিডিপির মাত্র ৬ দশমিক ৮ শতাংশ এবং মোট রাজস্বের পরিমাণ ছিল জিডিপির ৮ শতাংশ, যা সমপর্যায়ের দেশগুলোর তুলনায় অর্dele অর্ধেকেরও কম। রাজস্ব ঘাটতির একটি বড় কারণ অবাধে কর অব্যাহতি দেওয়া। ২০২২ অর্থবছরে বিভিন্ন কর অব্যাহতির ফলে জিডিপির ৬ দশমিক ৯ শতাংশ সমপরিমাণ রাজস্ব ক্ষতি হয়েছে, যা ওই সময়ের মোট কর রাজস্বের প্রায় সমান। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে কর নীতি ও কর প্রশাসনকে পৃথক করা, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও বাণিজ্য কর সংস্কার, ডিজিটাল ব্যবস্থার সমন্বয়, একক করদাতা পরিচিতি নম্বর চালু এবং কর অব্যাহতির সুবিধা যৌক্তিক করার পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক।
সরকারি মূলধনি বিনিয়োগ ও গুরুত্বপূর্ণ সামাজিক খাতের বরাদ্দ কমে যাওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বব্যাংক। ২০২২ অর্থবছরে সরকারি মূলধনি ব্যয় জিডিপির ৪ দশমিক ৯ শতাংশ থাকলেও ২০২৫ অর্থবছরে তা কমে ২ দশমিক ৮ শতাংশে নেমে এসেছে। একই সময়ে শিক্ষা খাতে ব্যয় দাঁড়িয়েছে জিডিপির মাত্র ১ দশমিক ৫ শতাংশে। পাশাপাশি সরকারের ঋণের সুদ পরিশোধের ব্যয়ও ক্রমাগত বাড়ছে। ২০১৭ অর্থবছরে সুদ পরিশোধে জিডিপির ১ দশমিক ৫ শতাংশ ব্যয় হলেও ২০২৬ অর্থবছরে তা আনুমানিক ২ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে। বিশেষ করে সরকার অভ্যন্তরীণ ব্যাংকিং খাত থেকে অতিরিক্ত ঋণ নেওয়ার ফলে বেসরকারি খাতে ঋণপ্রবাহ ব্যাহত হচ্ছে, যা বেসরকারি বিনিয়োগ ও নতুন কর্মসংস্থান তৈরিতে বাধা হয়ে দাঁড়িয়েছে।
বিদ্যুৎ ও গ্যাস খাতের ভর্তুকি সরকারি কোষাগারের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি করছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। ২০১৮ অর্থবছরে এসব খাতে ভর্তুকি জিডিপির শূন্য দশমিক ৩ শতাংশ হলেও ২০২৫ অর্থবছরে তা বেড়ে ১ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে এই চাপ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এ সমস্যা সমাধানে সংস্থাটি ব্যয়-প্রতিফলিত ও নিয়মভিত্তিক মূল্য নির্ধারণ ব্যবস্থা চালুর পাশাপাশি একটি শক্তিশালী ও স্বাধীন জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা গড়ে তোলার সুপারিশ করেছে। তবে মূল্য সমন্বয়ের ক্ষেত্রে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের সুরক্ষায় সামাজিক নিবন্ধন ব্যবস্থা গড়ে তোলা, সামাজিক সুরক্ষার পরিধি বাড়ানো এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে নির্দিষ্ট জনগোষ্ঠীর কাছে লক্ষ্যভিত্তিক সহায়তা পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতিবেদনে দেশের দারিদ্র্য ও কর্মসংস্থান পরিস্থিতির অবনতির বিষয় তুলে ধরে বলা হয়, ২০২২ সালে দারিদ্র্যের হার ছিল ১৮ দশমিক ৭ শতাংশ, যা ২০২৬ সালে বেড়ে ২২ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে। অন্যদিকে, তরুণ শ্রমশক্তির অনুপাতে পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি হচ্ছে না। বর্তমানে কর্মক্ষম বয়সী নারীদের প্রতি পাঁচজনের মধ্যে তিনজনই শ্রমবাজারের বাইরে অবস্থান করছেন এবং মোট কর্মীর ৮৪ শতাংশই অনানুষ্ঠানিক খাতের সাথে যুক্ত। দক্ষতা উন্নয়ন, অবকাঠামো ও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহে দীর্ঘমেয়াদি অপর্যাপ্ত বিনিয়োগই মূলত বেসরকারি খাতের কাঙ্ক্ষিত বিকাশ আটকে রেখেছে।
বিশ্বব্যাংকের প্রাক্কলন অনুযায়ী, প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করা গেলে ২০২৭ থেকে ২০৩৫ অর্থবছর পর্যন্ত গড়ে বার্ষিক ৫ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হতে পারে। অন্যদিকে, কোনো সংস্কার না করা হলে এই প্রবৃদ্ধি ৪ দশমিক ২ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আর সীমিত সংস্কার করা হলে ২০৩৫ অর্থবছরে রাজস্ব আয় জিডিপির ১০ শতাংশে আটকে থাকবে। সংস্কার সফল হলে জিডিপির অনুপাতে সরকারি ব্যয় ১৮ শতাংশে পৌঁছাবে এবং পুরো সময়জুড়ে বাজেট ঘাটতি জিডিপির ৫ শতাংশের নিচে থাকবে, যা ২০৩৫ অর্থবছরে কমে ৩ দশমিক ৬ শতাংশে নামতে পারে। অর্জিত এই আর্থিক সক্ষমতা স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা ও অবকাঠামো খাতে পুনর্বিনিয়োগের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির পথ সুগম করবে বলে মনে করে বিশ্বব্যাংক।



