কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো ধরনের আশ্রয়, সহযোগিতা কিংবা আইনি প্রক্রিয়ায় ছাড়িয়ে নেওয়ার চেষ্টা প্রমাণিত হলে স্থায়ী বহিষ্কারসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। একই সঙ্গে দলীয় পরিচয় ব্যবহার করে কেউ যেন অপরাধমূলক সুরক্ষার সুযোগ না পায়, সে জন্য গোয়েন্দা সংস্থা ও উচ্চপর্যায়ের দলীয় টিমের মাধ্যমে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত তথ্য সংগ্রহ ও অভিযোগ যাচাই-বাছাই করা হচ্ছে। অভিযোগের সত্যতা মিললে তা সরাসরি দলের হাইকমান্ডকে জানানো হবে।
দলটির নীতিনির্ধারকরা জানান, আওয়ামী শাসনমালে হামলা ও নির্যাতনের সঙ্গে জড়িত ব্যক্তিরা সম্প্রতি গ্রেপ্তার হওয়ার পর স্থানীয় বিএনপির কিছু নেতা ব্যক্তিগত স্বার্থ, আর্থিক লেনদেন কিংবা আত্মীয়তার সূত্রে তাদের ছাড়ানোর তদবির বা আশ্রয় দিচ্ছেন। পাশাপাশি আগামী ডিসেম্বরে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশে ফেরার কথিত ঘোষণাকে কেন্দ্র করে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে তা মোকাবিলায় কঠোর অবস্থান থাকবে সরকার। এ পরিস্থিতিতে বিএনপির কেউ আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন বা আইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, অনৈতিক কর্মকাণ্ড বা শৃঙ্খলাভঙ্গের তথ্য পাওয়া মাত্রই সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। বহিষ্কারের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানানো হয়েছে। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সংবাদমাধ্যমকে বলেন, দলীয় অপরাধ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির প্রাথমিক সদস্যপদসহ সব পদ স্থায়ীভাবে বাতিল করা হবে। এমনকি কোনো আওয়ামী লীগ নেতাকর্মীকে মুক্ত করতে বিএনপির কেউ ফোনে তদবির করলেও তাকে অপরাধীদের আশ্রয়দাতা হিসেবে গণ্য করা হবে।
এর আগে গত ৩১ অক্টোবর স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন। স্থায়ী কমিটির অন্য সদস্য নজরুল ইসলাম খান মন্তব্য করেন, বিতর্কিত নেতাকর্মীদের আশ্রয় দিলে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। অন্যদিকে দলের যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ উল্লেখ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগকে সাহায্য করা রাষ্ট্রের নিরাপত্তার জন্য সরাসরি হুমকির শামিল।
দলীয় সূত্রে জানা গেছে, দখলদারি, চাঁদাবাজি, সহিংসতা ও বিতর্কিত ব্যক্তিদের আশ্রয়ের মতো অভিযোগে ইতিমধ্যে সারা দেশে শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর মেয়াদের মধ্যে কেন্দ্রীয়ভাবে ৭১টি বহিষ্কারাদেশ জারি হয়, যেখানে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্যকেও পদ ছাড়তে হয়েছে। দলীয় নীতিনির্ধারকদের মতে, শুধু বহিষ্কার নয়, প্রয়োজনীয় আইনি পদক্ষেপের মাধ্যমে রাজনৈতিক আশ্রয় বন্ধ হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবে।




