আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর সোবহানা মোস্তারির নেতৃত্বাধীন দলটি জিম্বাবুয়েকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে। জিম্বাবুয়ের দেওয়া ১৩২ রানের লক্ষ্যমাত্রা ১৫ বল হাতে রেখেই অর্জন করে নেয় বাংলাদেশের মেয়েরা।
টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। ম্যাচের শুরুতে তারা ভালোই খেলছিল, প্রথম ছয় ওভারে কোনো উইকেট না হারিয়ে দলটি সংগ্রহ করে ৩১ রান। তবে সপ্তম ওভারে রাবেয়া খান ১২ রান করা ওপেনার বিলাভড বিজাকে আউট করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন। এরপর শের্ন মেয়ার্স কোনো রান না করেই ফিরে যান এবং অন্য ওপেনার কেলিস এনদোভলু করেন ২২ রান।
চতুর্থ উইকেটে চিপো-মুগেরি ত্রিপানো ও অধিনায়ক জোসেফিন এনকোমোর জুটিতে জিম্বাবুয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এবং দলীয় সংগ্রহ একশ ছাড়িয়ে যায়। ত্রিপানো ৩০ বলে ৪০ রান করেন এবং অধিনায়ক এনকোমো করেন ৩৫ রান। এছাড়া মাভুঙ্গা ৮, মুতাশা ৩ ও গুয়ানজো ১১ রান যোগ করেন। নির্ধারিত ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ১৩১ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে রাবেয়া খান তিনটি, দিশা বিশ্বাস দুটি এবং রিতুমনি একটি উইকেট শিকার করেন।
জবাবে রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন বাংলাদেশের দুই ওপেনার দিলারা আক্তার ও সাথী রানি। উদ্বোধনী জুটিতে তারা ১০৪ রান যোগ করে জয়ের ভিত গড়ে দেন। সাথী রানি ৪৩ বলে ৪৫ রান করে আউট হলেও জয়ের পথে কোনো বাধা হয়নি। এরপর শারমিন আক্তারকে নিয়ে বাকি কাজ শেষ করেন দিলারা। তিনি ৬৮ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন, শারমিন অপরাজিত থাকেন ৬ রানে। এই সম্মিলিত পারফরম্যান্সে টুর্নামেন্টে নিজেদের অবস্থান আরও শক্ত করল বাংলাদেশ।




