ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দেড় হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র মোতায়েনের দাবি করেছে। এই ক্ষেপণাস্ত্রগুলো দুই টন ওজনের ওয়ারহেড বহনে সক্ষম বলে জানিয়েছেন আইআরজিসির উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি। শুক্রবার (১৩ নভেম্বর) তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
মেজর জেনারেল মোস্তফা ইজাদি দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতা ও প্রতিরোধব্যবস্থা এখন এমন এক শক্তিশালী পর্যায়ে পৌঁছেছে যে, তাদের ক্ষেপণাস্ত্র ইউনিটগুলো অনায়াসেই ১ হাজার ৫০০ কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তিনি আরও বলেন, দেশের নিরাপত্তা ও সামরিক শক্তিকে দুর্বল করার জন্য শত্রুপক্ষ নানা পরিকল্পনা করছে, তবে ইরানের সশস্ত্র বাহিনী এসব পরিকল্পনা নস্যাৎ করতে পুরোপুরি প্রস্তুত রয়েছে।
আইআরজিসির এই উপপ্রধান দাবি করেন, ইরানি যোদ্ধারা ইতিমধ্যেই স্থল ও সমুদ্রভিত্তিক শত্রুদের বিভিন্ন সামরিক স্থাপনায় আঘাত হেনেছেন। তার ভাষ্যমতে, ইরানের সামরিক সক্ষমতার কারণে প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্র ও সামরিক সরঞ্জামের মজুত উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন বা হুমকির তাৎক্ষণিক জবাব দেওয়া হবে। হুমকির মাত্রা বা ধরন যা-ই হোক না কেন, পাল্টা জবাব দেওয়ার ক্ষেত্রে কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা মানা হবে না।
ইজাদির এই বক্তব্য এমন একটি সময়ে এল, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সামরিক উত্তেজনা বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় দেশটির সর্বোচ্চ নেতা সামরিক প্রস্তুতি ও কার্যকর প্রতিরোধব্যবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। তবে দুই টন ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্রের সক্ষমতা ও মোতায়েনের বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানা গেছে।




