টেলিযোগাযোগব্যবস্থায় আকস্মিক প্রযুক্তিগত বিভ্রাটের কারণে যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট চলাচল বন্ধ রাখার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আকাশপথ আবার উন্মুক্ত ঘোষণা করা হয়েছে। প্রায় চার ঘণ্টার সাময়িক নিষেধাজ্ঞা শেষে দেশটির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ওপর আরোপিত এ কড়াকড়ি তুলে নেয় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। তবে ফ্লাইট সূচি পুরোপুরি স্বাভাবিক ধারায় ফিরতে কিছুটা সময় লাগবে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি।
হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় শনিবার রাত ১টা ১৫ মিনিট) যুক্তরাষ্ট্রের আকাশপথ ফের খুলে দেওয়া হয়। টেলিযোগাযোগ নেটওয়ার্কের ত্রুটি চিহ্নিত ও সমাধান করার পরই ফ্লাইট চলাচলের অনুমতি দেয় এফএএ। তিনি জানান, শুক্রবার রাতে যতটা সম্ভব আটকে পড়া ফ্লাইট পরিচালনার চেষ্টা চালানো হচ্ছে এবং বাকি ফ্লাইটগুলো শনিবার সকালের মধ্যে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার সতর্কতা হিসেবে যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দর থেকে ছাড়ার অপেক্ষায় থাকা ফ্লাইটগুলোর উড্ডয়ন স্থগিত করার নির্দেশ দিয়েছিল এফএএ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সংস্থাটি টেলিযোগাযোগ বিপর্যয়ের বিষয়টি স্পষ্ট করে এবং আন্তর্জাতিক ফ্লাইটগুলোর বিষয়ে আলাদাভাবে পর্যালোচনার সিদ্ধান্ত জানায়।
নিষেধাজ্ঞা উঠে গেলেও সব ফ্লাইট একসাথে চালু করা সম্ভব নয় উল্লেখ করে শন ডাফি জানান, পুরো প্রক্রিয়াটি পাইলট ও কেবিন ক্রুদের প্রাপ্যতার ওপর সরাসরি নির্ভর করছে। বিমান সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে শনিবার সকাল থেকে বেশি সংখ্যক ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।
সামগ্রিক এই বিশৃঙ্খলার জন্য দেশটির পুরোনো বিমান চলাচল নিয়ন্ত্রণ অবকাঠামোকে দায়ী করেছেন পরিবহনমন্ত্রী। এ ধরনের বিপর্যয় এড়াতে বর্তমান এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থার আধুনিকায়ন জরুরি উল্লেখ করে ডাফি প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ বরাদ্দের জন্য মার্কিন কংগ্রেসের প্রতি জোর আহ্বান জানিয়েছেন।
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০৭: ৫৭আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৮: ০৮




