বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে দায়িত্ব পেয়েছেন কোলেট ক্রেস। এতদিন তিনি কোম্পানিটির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। প্রায় তিন দশক ধরে এনভিডিয়ার নেতৃত্বে থাকা সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং সরে দাঁড়ানোর পর ৫৯ বছর বয়সী এই নারী স্থায়ী শীর্ষ নির্বাহী কর্মকর্তা নির্বাচন না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটিকে নেতৃত্ব দেবেন। এই নিয়োগ কেবল এনভিডিয়ার শীর্ষ নেতৃত্বের পরিবর্তন নয়, বরং কোম্পানিটির ব্যবসায়িক কৌশলে নতুন ভারসাম্য তৈরির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে শত শত কোটি ডলারের বড় বড় বিনিয়োগ ও অর্থায়ন চুক্তি নিয়ে জেনসেন হুয়াং এবং কোলেট ক্রেসের মধ্যে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গির বেশ কিছু ফারাক ছিল। হুয়াং যখন উচ্চাভিলাষী ও ঝুঁকিপূর্ণ ব্যবসায়িক সম্প্রসারণের সিদ্ধান্ত নিতেন, তখন ক্রেস আর্থিক শৃঙ্খলা বজায় রেখে সম্ভাব্য ঝুঁকি ও বিনিয়োগের বাস্তব চিত্র সামনে আনতেন। এনভিডিয়ার অভ্যন্তরে তাকে একটি গুরুত্বপূর্ণ ‘ভারসাম্য রক্ষাকারী’ হিসেবে বিবেচনা করা হতো। বিশেষ করে ওপেনএআই ও ল্যামডার মতো প্রতিষ্ঠানের সঙ্গে এনভিডিয়ার বিনিয়োগ চুক্তিগুলোর ফলে এআই খাতে অর্থের এক ধরনের ‘বৃত্তাকার প্রবাহ’ তৈরি হচ্ছিল, যা নিয়ে ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীদের মধ্যেও উদ্বেগ বাড়ছিল।
বড় আকারের ঝুঁকিপূর্ণ অর্থায়ন চুক্তি ঘিরে ক্রেসের আর্থিক দল, হুয়াং এবং বিক্রয় বিভাগের মধ্যে দ্বিমত স্পষ্ট হয়ে ওঠে। এর একটি উল্লেখযোগ্য উদাহরণ ওহাইওতে ওপেনএআইয়ের ডেটা সেন্টার প্রকল্প। যেখানে প্রাথমিকভাবে ২৫ হাজার কোটি ডলারের সহায়তার পরিকল্পনা করা হলেও ক্রেসদের আপত্তির মুখে তা কমিয়ে ১২ হাজার কোটি ডলারে নামিয়ে আনা হয়। গ্রাহকদের পেছনে বা স্টার্টআপগুলোতে হুয়াংয়ের মতো অত্যন্ত আগ্রাসীভাবে অর্থ বিনিয়োগের মানসিকতা প্রযুক্তি খাতের খুব কম কর্মকর্তার মধ্যেই দেখা যায়।
এনভিডিয়ার অভ্যন্তরীণ সূত্রের বরাতে ক্রেসকে জেনসেন হুয়াংয়ের তুলনায় অনেক বেশি শান্ত, স্থির ও বাস্তববাদী হিসেবে বর্ণনা করা হয়েছে। ২০১৩ সালে এনভিডিয়ায় যোগ দেওয়ার আগে তিনি মাইক্রোসফট, সিসকো ও টেক্সাস ইনস্ট্রুমেন্টসের মতো খ্যাতনামা প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজ করেছেন। বর্তমানে নেতৃত্ব পরিবর্তন ঘিরে গ্রাহক ও সরবরাহকারীদের সংশয় দূর করতে তিনি কয়েকটি আলোচনাতেও অংশ নিয়েছেন। পাশাপাশি চিপ রপ্তানি নিয়ন্ত্রণ ইস্যুতে মার্কিন সরকারের সঙ্গে হুয়াংয়ের সময়ের যে বিরোধপূর্ণ অবস্থান সৃষ্টি হয়েছিল, ক্রেসের নেতৃত্বে সেখান থেকে বেরিয়ে এসে সমঝোতামূলক কৌশলে হাঁটার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
তবে অন্তর্বর্তী সিইও হিসেবে ক্রেসের নিয়োগের খবরে বাজারে সাময়িক স্বস্তি এলেও এনভিডিয়ার দীর্ঘমেয়াদি প্রযুক্তিগত অগ্রগতি ধরে রাখা নিয়ে বাজারে সংশয় রয়ে গেছে। হুয়াংয়ের পদত্যাগের খবরের পর গত বৃহস্পতিবার এনভিডিয়ার শেয়ারের দাম একপর্যায়ে প্রায় ১৪ শতাংশ কমে যায়, যা ছিল গত ১৬ মাসের মধ্যে সর্বনিম্ন। পরে অবশ্য দরপতনের মাত্রা কিছুটা কমে আসে। গবেষণা প্রতিষ্ঠান মুর ইনসাইটস অ্যান্ড স্ট্র্যাটেজির প্রধান বিশ্লেষক আনশেল সাগ উল্লেখ করেন, বাজারকে শান্ত রাখতে ক্রেসকে দায়িত্ব দেওয়া যুক্তিসংগত পদক্ষেপ হলেও এনভিডিয়াকে সামনে এগিয়ে নিতে যে ধরনের দূরদর্শী ও ঝুঁকি নেওয়ার মতো প্রযুক্তিগত নেতৃত্ব প্রয়োজন, তা ক্রেসের মতো একজন অর্থ কর্মকর্তার কাছ থেকে পাওয়া কঠিন হতে পারে।
এদিকে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ স্থায়ী সিইও বাছাইয়ের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে। সম্ভাব্য স্থায়ী সিইওদের তালিকায় উঠে এসেছে এনভিডিয়ার নির্বাহী ইয়ান বাকের নাম, যিনি সিইউডিএ সফটওয়্যার প্ল্যাটফর্মের নেতৃত্ব দিয়ে এনভিডিয়া চিপে এআই প্রযুক্তির ব্যবহারে মূল ভূমিকা রেখেছেন। এছাড়া প্রতিদ্বন্দ্বী এএমডির প্রধান নির্বাহী লিসা সু এবং আর্মের প্রধান নির্বাহী রেনে হাসের নামও আলোচনায় রয়েছে।
শীর্ষ নেতৃত্বে এই বদলের পর জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত বিতর্ক ও ব্যবসায়িক বিষয়াদি সম্পর্কে ক্রেস কতটা জানতেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। মার্কিন গোয়েন্দারা অ্যালিস হুয়াং নামের এক নারীর সঙ্গে জেনসেন হুয়াংয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য পর্যালোচনা করছেন, যাকে চীনা গুপ্তচর বলে সন্দেহ করা হচ্ছে—যদিও চীন এ অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে এক বিশ্বস্ত সূত্রের তথ্যমতে, এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বারলি পাওয়েলের সঙ্গে হুয়াংয়ের সম্পর্কের বিষয়ে ক্রেস অবহিত ছিলেন। এ ইস্যুতে মন্তব্য জানতে রয়টার্স এনভিডিয়া ও পাওয়েলের সঙ্গে যোগাযোগ করলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
কূটনৈতিক ও নিয়ন্ত্রক সংস্থার দিক থেকেও ক্রেসকে নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হতে পারে। ওয়াশিংটনভিত্তিক জেমসটাউন ফাউন্ডেশনের বিশ্লেষক সানি চেউং জানান, চীনের সামরিক বাহিনীর সম্পর্কিত প্রতিষ্ঠান কিংবা দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যস্থতাকারীদের মাধ্যমে এনভিডিয়ার চিপ বিক্রির বিষয়টি সঠিকভাবে তদারকি করা হয়েছিল কিনা, তা নিয়ে মার্কিন কংগ্রেসে ক্রেসকে প্রশ্নের মুখোমুখি হতে হতে পারে।
ব্যক্তিগত জীবনে দুই ছেলের উৎসাহেই এনভিডিয়ায় কাজের সিদ্ধান্ত নিয়েছিলেন কোলেট ক্রেস। ২০২৩ সালে ইসরাইলের একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ২০১৩ সালে তার দুই ছেলে বেশ ছোট ছিল এবং ভিডিও গেম খেলার সূত্রে তারা এনভিডিয়ার চিপ চিনত। তারাই তাকে এনভিডিয়ায় যোগ দিতে অনুপ্রাণিত করেছিল। অর্থনীতিতে স্নাতক এবং ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রিধারী ক্রেস এনভিডিয়ার শেয়ার দর বৃদ্ধির সুবাদে ২০২৫ সালে বিলিয়নেয়ারে পরিণত হন। ফোর্বসের হিসাব অনুযায়ী, ২০২৬ সালের মাঝামাঝি তার সম্পদের পরিমাণ দাঁড়ায় ১২০ কোটি ডলারে, যা তাকে যুক্তরাষ্ট্রের স্বাবলম্বী শীর্ষ নারীদের তালিকায় ৩২তম স্থান দেয়। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে ফরচুন ও ফোর্বস সাময়িকীর বিশ্বের ৫০ জন প্রভাবশালী নারীর তালিকাতেও অন্তর্ভুক্ত হয়েছেন কোলেট ক্রেস।




