সামাজিক যোগাযোগমাধ্যমে সাজেক ভ্যালি পর্যটকদের জন্য খুলে দেওয়ার যে তথ্য ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ গুজব। পর্যটনকেন্দ্রটি পুনরায় চালুর বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত পর্যটন সড়কে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি অব্যাহত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের অনুরোধ করা হয়েছে, যেন এমন গুজবে বিভ্রান্ত হয়ে কেউ সাজেক ভ্রমণের উদ্দেশ্যে রওয়ানা না হন।
রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী জানিয়েছেন, সাজেক পর্যটনকেন্দ্র আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত নতুন কোনো নির্দেশনা বা সিদ্ধান্ত হয়নি। খাগড়াছড়ি সড়ক পরিবহন জিপ মালিক সমিতির পক্ষ থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাজেক ভ্যালি উন্মুক্ত করার সিদ্ধান্ত হলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সমিতির অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়া নিরাপত্তা পরিস্থিতি নিশ্চিত না হওয়া পর্যন্ত পর্যটকদের রিসোর্ট ও গাড়ি বুকিংয়ের ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে।
অন্যদিকে, ‘সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটি’ তাদের ফেসবুক পেজে জানিয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের অবরোধ কর্মসূচি চলবে। সংগঠনটি পর্যটকদের বিভ্রান্তিকর তথ্যে কান দিয়ে সাজেকের উদ্দেশে যাত্রা না করার আহ্বান জানিয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাজেকের উদ্দেশে রওয়ানা হয়ে কেউ কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হলে তার দায় ‘সাজেক গণ অধিকার রক্ষা কমিটি’ ও ‘অবরোধ বাস্তবায়ন গণকমিটি’ বহন করবে না। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানিয়েছেন, সড়কে অবরোধ চলমান থাকলেও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।




