নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের বা টিকার মজুত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বাংলাদেশ পেডিয়াট্রিক সোসাইটি আয়োজিত বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। তিনি আরও বলেন, প্রয়োজনে আরও ভ্যাকসিন আমদানি করার সক্ষমতা সরকারের রয়েছে।
আলোচনা সভায় মন্ত্রী শিশুদের নিউমোনিয়া থেকে রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন যে, এক্ষেত্রে প্রয়োজনীয় সরঞ্জাম ও সব ধরনের সহযোগিতা প্রদানে সরকার প্রস্তুত রয়েছে এবং প্রয়োজনে প্রধানমন্ত্রীর সহায়তাও নেওয়া হবে।
শিশুদের বিভিন্ন রোগের কারণ হিসেবে পারিবারিক অসচেতনতা ও অস্বাস্থ্যকর পরিবেশকে দায়ী করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, হাসপাতাল পরিদর্শনে গিয়ে দেখা যায়, অনেক ক্ষেত্রে এক বিছানায় একাধিক শিশুকে রাখা হচ্ছে। এমনকি এক শিশুর বুকের দুধ অন্য শিশুকে খাওয়ানোর মতো ঘটনাও ঘটছে, যা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। পারিবারিক নানা জটিলতা ও অসচেতনতার কারণে শিশুরা অনেক সময় প্রয়োজনীয় যত্ন থেকেও বঞ্চিত হয়।
স্বাস্থ্যমন্ত্রী জানান, মায়েদের স্তন্যপান, শিশুপুষ্টি ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে গ্রামপর্যায়ে প্রায় ২৫ হাজার ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটরকে মাঠপর্যায়ে সম্পৃক্ত করা হবে। তাদের স্তন পরীক্ষা করার জন্য ছোট আকারের বহনযোগ্য স্ক্রিনিং মেশিন দেওয়া হবে। এছাড়া শ্রীলঙ্কা ও জার্মানির অভিজ্ঞতায় বাংলাদেশে স্তন ও জরায়ুমুখ ক্যানসার শনাক্তকরণের উন্নত ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনাও তিনি তুলে ধরেন।
অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ. এফ. সিদ্দিকী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং ফ্যাকাল্টি অব পেডিয়াট্রিকের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন।




