বিশ্বজুড়ে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের কবলে পড়েছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির আউটলুক, মাইক্রোসফট টিমস এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার কোপাইলটসহ গুরুত্বপূর্ণ সেবাগুলো ব্যবহারে বিভিন্ন দেশের ব্যবহারকারীরা ভোগান্তিতে পড়েছেন। ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসির প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়াসহ অন্তত ৭৪টি দেশে এই প্রযুক্তিগত সমস্যা ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া এই বিপর্যয় আট ঘণ্টারও বেশি সময় ধরে স্থায়ী ছিল।
ওয়েবসাইট ও অ্যাপের সেবা পরিস্থিতি পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ডাউনডিটেক্টরের তথ্যমতে, বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় সন্ধ্যা ৬টার দিকে আউটলুক ব্যবহারে সমস্যার অভিযোগ প্রায় ১ লাখ ৪০ হাজারে পৌঁছায়। এটি স্বাভাবিকের তুলনায় দুই হাজার গুণেরও বেশি। মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন অঞ্চলে তাদের সার্ভারের ওপর অতিরিক্ত চাপের কারণেই এই পরিস্থিতির উদ্ভব হয়েছে। কিছু সার্ভার অপ্রত্যাশিতভাবে অকার্যকর হয়ে পড়ায় সচল সার্ভারগুলোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়, যার ফলে মাইক্রোসফট ৩৬৫-এর সেবাগুলো ব্যাহত হয়েছে। বিশেষ করে আউটলুকের ইমেইল ও ক্যালেন্ডার ব্যবহারকারীদের জন্য এটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
এই বিপর্যয়ের প্রভাবে ওপেনএআই ও অ্যানথ্রোপিকের মতো প্রতিষ্ঠানগুলোর মাইক্রোসফটনির্ভর সেবাও প্রভাবিত হয়েছে। তবে মাইক্রোসফট স্পষ্ট করেছে যে, এটি কোনো সাইবার হামলা বা নিরাপত্তার কোনো ঘটনা নয়। প্রতিষ্ঠানের কর্মকর্তা চার্লস লামান্না গ্রাহকদের এই ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছেন। মাইক্রোসফটের সর্বশেষ বিবৃতিতে বলা হয়েছে, সার্ভার পুনরুদ্ধার এবং সেবার স্থিতিশীলতা বাড়ানোর কাজ চলছে। কিছু অঞ্চলে আংশিক উন্নতি হলেও সেবা এখনো পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফেরেনি। নিউজিল্যান্ডের প্রযুক্তি বিশ্লেষক পল স্পেনের মতে, এই বিপর্যয় দীর্ঘ সময় ধরে চলতে থাকলে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উৎপাদনশীলতার ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে। তার মতে, এ ঘটনাটি বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য বিকল্প প্রযুক্তি ও যোগাযোগব্যবস্থা প্রস্তুত রাখার প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে এসেছে।




