ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৪৩ নং মঠখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তীব্র শ্রেণিকক্ষ ও শিক্ষক সংকটের কারণে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম গুরুতর ব্যাহত হচ্ছে। ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত শিক্ষার্থী থাকায় শ্রেণিকক্ষে স্থান সংকুলান না হওয়া এবং শিক্ষকের ঘাটতি থাকায় শিক্ষার্থীদের বেঞ্চে গাদাগাদি করে এমনকি বারান্দায় বসেও পাঠ নিতে হচ্ছে। এতে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়ার পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের নানা শারীরিক ও স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে।
উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামে মনিরাম বাজারসংলগ্ন ১৯৪১ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠটিতে বর্তমানে সাড়ে চারশর বেশি শিক্ষার্থী পড়ালেখা করছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে বর্তমানে ৪৫৮ জনেরও বেশি শিক্ষার্থী থাকলেও শিক্ষক পদে কর্মরত রয়েছেন মাত্র ৮ জন। অথচ শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী সেখানে অন্তত ১১ জন শিক্ষক থাকা প্রয়োজন। শ্রেণিকক্ষ ও শিক্ষকের এমন ঘাটতির ফলে স্বাভাবিক পাঠদান সামলাতে হিমশিম খাচ্ছেন শিক্ষকেরা, যার কারণে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আলাদাভাবে সময় দেওয়াও অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
সরেজমিনে দেখা যায়, শ্রেণিকক্ষে স্থানের অভাবে একেকটি বেঞ্চে চারজন করে শিক্ষার্থী বসতে বাধ্য হচ্ছে। ভবনটি মূলত একটি সাইক্লোন শেল্টার হওয়ায় জায়গা বাড়ানোর জন্য নিচ তলার ফাঁকা অংশে টিন দিয়ে আলাদা কক্ষ তৈরি করা হয়েছিল, কিন্তু তাতেও প্রয়োজনীয় স্থান সংকুলান করা সম্ভব হয়নি। বাধ্য হয়ে বিদ্যালয়ের বারান্দায় বেঞ্চ পেতে শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে। এছাড়া বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত টয়লেটের তীব্র সংকট রয়েছে। সংকট কাটাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম শিক্ষার্থীদের ব্যবহারের জন্য নিজের অফিস কক্ষটিও ছেড়ে দিয়েছেন।
বিদ্যালয়ের শিক্ষার মান ও সমাপনী পরীক্ষার ফলাফল ভালো হওয়ায় স্থানীয় অভিভাবকদের মাঝে এই স্কুলে সন্তান ভর্তি করানোর আগ্রহ অনেক বেশি বলে জানান প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম। তিনি জানান, ৪৫৮ জনের বেশি শিক্ষার্থীর জন্য মাত্র ৮ জন শিক্ষক থাকায় প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। দ্রুততম সময়ের মধ্যে নতুন একাডেমিক ভবন নির্মাণ, পর্যাপ্ত শ্রেণিকক্ষ ও স্বাস্থ্যসম্মত টয়লেট তৈরি এবং প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের জন্য স্থানীয় অভিভাবক ও এলাকাভিত্তিক সচেতন মহল জোর দাবি জানিয়েছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহেদী মাসুদ জানান, উপজেলা পর্যায়ে মঠখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান ও ফলাফল তুলনামূলক ভালো হওয়ায় সেখানে প্রতিবছর প্রচুর শিক্ষার্থী ভর্তি হয়। ফলে সাময়িকভাবে শিক্ষক ও স্থানের সংকট দেখা দিয়েছে। ইতিমধ্যে নতুন ভবন বরাদ্দ এবং অতিরিক্ত শিক্ষক পদায়নের জন্য ঊর্ধ্বতন দপ্তরে দাপ্তরিক চিঠি পাঠানো হয়েছে। খুব শিগগিরই প্রতিষ্ঠানটি নতুন ভবনের বরাদ্দ পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।




