ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি জহির উদ্দিন স্বপন এমপির অনুপস্থিতিতে কমিটির সদস্যদের সমর্থনে কাজী রফিকুল ইসলাম এমপি বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে কমিটির সদস্য হিসেবে প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি, মঈনুল ইসলাম খান, মোহাম্মদ ফখরুল ইসলাম, মোঃ শওকতুল ইসলাম, মোসা: ফরিদা ইয়াসমিন, মোঃ সাইফুল আলম এবং মোঃ রাশেদুল ইসলাম রাশেদ উপস্থিত ছিলেন।
কমিটির এই বৈঠকে পাবলিক প্রকিউরমেন্ট বিল, ২০২৬ পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন প্রণয়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। বিলটি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা, পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই করার পর প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও পরিমার্জনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। চূড়ান্ত পর্যালোচনার পর এই প্রতিবেদন সংসদে উপস্থাপনের বিষয়েও কমিটি সিদ্ধান্ত নেয়।
বৈঠকে সংসদ সচিবালয়ের সচিব, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের যুগ্ম সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।




