মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিককে তার পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছেন হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা। এনভিডিয়ার সাবেক সিইও জেনসেন হুয়াংয়ের সাথে সংশ্লিষ্ট গুপ্তচর কেলেঙ্কারির ঘটনার পর এই আলোচনা শুরু হয়েছে। এছাড়া, লুটনিকের প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা কয়েক ডজন চীনা কোম্পানিকে মার্কিন বাণিজ্য কালো তালিকায় অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হয়েছে। এনভিডিয়ার চীনে চিপ রপ্তানির বিষয়টি যথাযথভাবে তদারকি করা হয়েছে কিনা, তা নিয়েও বড় ধরনের প্রশ্ন উঠেছে।
জেনসেন হুয়াং অ্যালিস হুয়াংয়ের সাথে সম্পর্কের খবরের প্রেক্ষিতে সিইও পদ থেকে পদত্যাগ করেন। মার্কিন কর্তৃপক্ষের সন্দেহ, অ্যালিস বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন। অভিযোগ রয়েছে যে, চীনে এআই চিপ পাঠানো বন্ধ করতে লুটনিক যথেষ্ট কার্যকর পদক্ষেপ নেননি। এ বিষয়ে হোয়াইট হাউস বা বাণিজ্য মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য না করলেও, বৃহস্পতিবার হোয়াইট হাউসের একজন কর্মকর্তা দাবি করেন যে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বাণিজ্যমন্ত্রীর ওপর পূর্ণ আস্থা রয়েছে। তবুও পরিস্থিতি বিবেচনায় আগামী ৩ ডিসেম্বর সিনেট ব্যাংকিং কমিটির চেয়ারম্যান টিম স্কট তাকে কংগ্রেসে সাক্ষ্য দেওয়ার জন্য তলব করেছেন।
গত জুন মাসে রয়টার্সের প্রতিবেদনে উঠে আসে যে, ট্রাম্প প্রশাসন জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও চীনের এআই স্টার্টআপ ডিপসিক এবং মেমরি চিপ নির্মাতা সিএক্সএমটিসহ ১০০টির বেশি কোম্পানিকে কালো তালিকায় যুক্ত করা স্থগিত রেখেছে। রিপাবলিকান সিনেটর জন কেনেডি লুটনিককে দ্রুত এই বিষয়ে জবাবদিহিতার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, ডেমোক্রেট সিনেটর এলিজাবেথ ওয়ারেন এবং ক্রিস কুনস বাণিজ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং চিফ অব স্টাফ স্টিফেন মিলারের কাছে চিঠি লিখে রপ্তানি নিয়ন্ত্রণের ফাঁকফোকর বন্ধ না করার কারণ জানতে চেয়েছেন।
চিঠিতে সিনেটররা উল্লেখ করেছেন, ২০২৪ সালের জুন থেকে সিঙ্গাপুর ভিত্তিক কোম্পানি মেগাস্পিড ৪.৮ বিলিয়ন ডলার বা ৫৯ হাজার ৫১০ কোটি ৪০ লাখ টাকার বেশি মূল্যের এনভিডিয়া এআই চিপ কিনেছে। এছাড়া, ডেমোক্রেট সিনেটর রন ওয়াইডেন এবং রিচার্ড নিল চীনা কোম্পানিগুলোর কাছে উন্নত চিপ বিক্রির অনুমোদন নিয়ে তদন্ত করছেন। আইনপ্রণেতারা ২০২৫ সালের ডিসেম্বরে চীনে উন্নত এইচ২০০ এআই চিপ বিক্রির অনুমতি দেওয়ার ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। রিপাবলিকান প্রতিনিধি ব্রায়ান মাস্ট বাণিজ্য মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে কংগ্রেসের তদন্তের দাবি জানালেও লুটনিকের ওপর নিজের আস্থা পুনর্ব্যক্ত করেছেন। একইসাথে, রিপাবলিকান সিনেটর টম কটন মার্কিন বাজার থেকে সিএক্সএমটিকে সম্পূর্ণ নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন।




