গাজা নগরীতে রাতের তাপমাত্রা দ্রুত কমতে শুরু করেছে, যা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য নতুন করে বিপর্যয় ডেকে এনেছে। তীব্র ঠান্ডার পাশাপাশি বৃষ্টির কারণে তাদের ত্রিপল দিয়ে তৈরি অস্থায়ী তাঁবুগুলো ভিজে একাকার হয়ে যাচ্ছে। শীতের প্রয়োজনীয় পোশাক এবং পর্যাপ্ত কম্বলের অভাবে বিশেষ করে শিশুরা অসহনীয় দুর্ভোগের শিকার হচ্ছে।
২৭ বছর বয়সি আমিরা সাদ তার ১৮ সদস্যের পরিবারের সঙ্গে গাজা নগরীর পশ্চিমে একটি অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছেন। পরিবারের নয়জন সদস্যই শিশু। চার মাস বয়সি নিজের শিশু মোহাম্মদকে রাতের হাড়কাঁপানো ঠান্ডা থেকে রক্ষা করতে তাকে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে। গরম পোশাক কেনার আর্থিক সামর্থ্য না থাকায় শেষ পর্যন্ত প্রতিবেশীর কাছ থেকে একটি শীতের পোশাক ধার করে এনেছেন তিনি।
পরিবারটির জন্য এই শীতের রাতগুলো হয়ে উঠেছে দুঃস্বপ্নের মতো। ভারী বৃষ্টির কারণে সম্প্রতি তাদের তাঁবুর ভেতরে পানি ঢুকে পড়েছিল। এতে তাদের বিছানার তোশক, বালিশ ও কম্বল ভিজে নষ্ট হয়ে গেছে। আমিরা বলেন, ‘আমরা যখন ঘুমাচ্ছিলাম, তখন তাঁবুতে পানি ঢুকে পড়ে। কম্বল, তোশক ও বালিশ সব ভিজে যায়। সবকিছু পানিতে একাকার হয়ে গিয়েছিল।’
পরিবারের শিশুদের অধিকাংশের পরনে এখন গ্রীষ্মকালের পুরোনো ও ছেঁড়া পোশাক। আমিরার ৬০ বছর বয়সি শাশুড়ি বাসিমা সাদ পরিবারের সদস্যদের গরম রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। বিশেষ করে তার ২৩ বছর বয়সি প্রতিবন্ধী মেয়ের জন্য গরম পোশাক ও ওষুধের প্রয়োজন সবচেয়ে বেশি। বাসিমা জানান, মেয়ের হাত বরফের মতো ঠান্ডা হয়ে যায় বলে তিনি তাকে নিজের বিছানায় কাছে শুইয়ে রাখেন এবং ছোট শিশুর মতো আগলে রাখেন। নিজের আরামের চেয়ে তিনি আগে নিশ্চিত করতে চান যেন তার প্রতিবন্ধী মেয়েটি গরম থাকে।
যুদ্ধের শুরুর দিকে গাজা নগরীর শুজাইয়া এলাকা থেকে বাস্তুচ্যুত হওয়ার পর থেকে পরিবারটি চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। তাদের নিয়মিত কোনো আয়ের পথ নেই এবং খাবারের জন্য সম্পূর্ণভাবে কমিউনিটি রান্নাঘরের ওপর নির্ভর করতে হয়। আমিরা জানান, তার স্বামীর কোনো কাজ নেই। দুই দিন আগে ধ্বংসস্তূপ সরানোর কাজে গিয়ে তার স্বামী হাত ভেঙে ফেলেছেন, যা তাদের পরিস্থিতিকে আরও শোচনীয় করে তুলেছে। তীব্র ঠান্ডার মধ্যে শীতের পোশাক বা কম্বল কেনার মতো বাড়তি টাকাও তাদের হাতে নেই।
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১০: ২৯আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১০: ৩১




