দেশে প্রথমবারের মতো বিআরটিসির বহরে ১০০টি ইলেকট্রিক বা বিদ্যুৎ–চালিত বাস কেনার উদ্যোগ পিছিয়ে গেছে। আগামী বছরের ১৫ জানুয়ারির মধ্যে বাসগুলো ঢাকার রাস্তায় নামার কথা থাকলেও দরপত্রে সংশোধন আনার কারণে এই সময়সীমা আর রক্ষা হচ্ছে না।
সূত্র বলছে, দরপত্র সংশোধন নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সন্দেহ তৈরি হয়েছে যে কাউকে কাজ পাইয়ে দেওয়ার লক্ষ্যে শর্ত পরিবর্তন করা হয়েছে কি না। যদিও বিআরটিসির দাবি, প্রতিযোগিতা বাড়াতেই এই সংশোধন আনা হয়েছে। বিআরটিসির চেয়ারম্যান অতিরিক্ত সচিব মীর আহমেদ তারিকুল ওমর প্রথম আলোকে জানান, আগের দরপত্রেই এই শর্তগুলো থাকার কথা ছিল, যা দায়িত্বপ্রাপ্তরা না করায় তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন পরিকল্পনা শাখার ডিজিএম আবু বকর সিদ্দিক ও ক্রয় কর্মকর্তা ইমাম হোসাইন।
জটিলতা তৈরি হয়েছে দরপত্রের ৩৬ নম্বর ধারা নিয়ে। ২৯ অক্টোবরের দরপত্রে স্থানীয় প্রতিনিধির বা অনুমোদিত পরিবেশকের পাঁচ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছিল। পরবর্তীতে ৮ নভেম্বর বিআরটিসির পরিচালক অনুপম সাহা প্রতিষ্ঠান দুটিকে শর্ত সংশোধনের নির্দেশ দেন, যেখানে যানবাহনের পাশাপাশি ‘বৈদ্যুতিক সরঞ্জাম’ সরবরাহের অভিজ্ঞতাও যুক্ত করতে বলা হয়।
প্রথম দরপত্রে অংশগ্রহণের শেষ সময় ছিল ৪ নভেম্বর, যা পরে ৮ নভেম্বর করা হয়। সংশোধিত শর্তে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) ১০ নভেম্বর পুনঃ দরপত্র আহ্বান করে, যার শেষ সময় ১৮ নভেম্বর। প্রগতির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু সাঈম জানান, সর্বোচ্চ প্রতিযোগিতা নিশ্চিত করতেই এই সংশোধন।
উল্লেখ্য, ২০০টি বিদ্যুৎ–চালিত বাস কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৫ আগস্ট অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সরাসরি ক্রয়পদ্ধতিতে (ডিপিএম) বাস কেনার অনুমোদন দেয়। প্রথম দফায় প্রগতি ও বিএমটিএফের মাধ্যমে ৫০টি করে মোট ১০০টি বাস কেনা হবে। প্রতিটি বাসের প্রাক্কলিত ব্যয় ৪ কোটি টাকা এবং অর্থ মন্ত্রণালয় এর জন্য ৮০০ কোটি টাকার ঋণের প্রস্তাব অনুমোদন করেছে। বাসগুলো তেলের পরিবর্তে বিদ্যুতের চার্জে চলবে এবং এক চার্জে সর্বোচ্চ ২২০ কিলোমিটার চলবে। এছাড়া ঢাকা ও আশপাশের এলাকায় নয়টি চার্জিং স্টেশন স্থাপন করা হবে। প্রগতি মতিঝিল, গাবতলী, টেকনিক্যাল মোড়, মিরপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে ছয়টি স্টেশন বসাবে।
বিআরটিসির সূত্র অনুযায়ী, বাসগুলোয় ২১টি আসন থাকবে এবং বসে ও দাঁড়িয়ে মোট ৬০ থেকে ৬৫ জন যাত্রী যাতায়াত করতে পারবেন। দুই কেবলে চার্জে দেড় ঘণ্টা এবং এক কেবলে তিন ঘণ্টা সময় লাগবে। বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) সূত্র বলছে, সরকারি ক্রয় বিধিমালায় ডিপিএমের সুযোগ থাকলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুটির বাস সংযোজন বা রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা নেই। তবে প্রগতি ও বিএমটিএফ কর্তৃপক্ষের ভাষ্য, দেশে কারও এমন বাস তৈরির অভিজ্ঞতা নেই এবং তাদের যানবাহন বিষয়ে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
দ্বিতীয় দফায় আসবে আরও ১০০টি।.বিআরটিসি ১৫ বছরে কিনেছে ১৫৫৮ বাস, চলছে ১২৪৪টি.বাস, চার্জিং স্টেশন, অবকাঠামোসহ প্রতিটির প্রাক্কলিত ব্যয় ৪ কোটি টাকা।




