চাঁদপুরের হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শাহজাহান নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে শাহরাস্তি উপজেলার ধোপল্লা বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত শাহজাহান হাজীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এনায়েতপুর মুন্সীবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন। এই ঘটনায় অন্তত আরও ছয়জন আহত হয়েছেন।
নিহতের ভাই মানিক হোসেন জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর ও শাহরাস্তি উপজেলার ধোপল্লা গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধ তৈরি হয়। এই বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। বিকেলে অটোরিকশা চালিয়ে বাড়ি ফেরার পথে শাহজাহান এই সংঘর্ষের মধ্যে পড়ে হামলার শিকার হন। হামলার পর তিনি স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান। পরবর্তীতে বুকে ব্যথা অনুভব করলে তাকে পুনরায় হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়, তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সৌরভ সাদি নিহতের মরদেহের সুরতহাল ও ময়নাতদন্ত-সংক্রান্ত আইনি প্রক্রিয়া শেষে মরদেহ থানায় নিয়ে আসেন। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাউসার আলম ভূঁইয়া জানিয়েছেন, ঘটনাটি শাহরাস্তি থানা এলাকার হওয়ায় সেখানে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে শাহরাস্তি থানা পুলিশ। তিনি ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।




