ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র আপাতত দীর্ঘমেয়াদী অর্থনৈতিক চাপ ও অবরোধের পথেই অটল থাকার পরিকল্পনা করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ওয়াশিংটনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা এতটাই কার্যকর যে ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযানের প্রয়োজনীয়তা নেই। প্যারিসে জি-৭ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, অর্থনৈতিক চাপের মাধ্যমেই লক্ষ্য অর্জন সম্ভব এবং ইরান পরিস্থিতির কারণে সেখানে মার্কিন বাহিনীর উপস্থিতি বজায় থাকবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরান ইস্যুতে ভিন্ন ভিন্ন মতামতের মধ্য দিয়ে যাচ্ছে। ট্রাম্প নিজেও সম্প্রতি জানিয়েছেন, ইরানে বড় ধরনের হামলার সম্ভাবনা খুবই কম এবং উপসাগরীয় অঞ্চলে মিত্ররা বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষেই রয়েছে। ট্রাম্পের মতে, সংঘাত অবসানের পথে ইতিবাচক অগ্রগতি হচ্ছে, তবে পরিস্থিতি যেকোনো সময় বদলালে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। অন্যদিকে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই যুদ্ধের বিষয়ে বেশ সমালোচনামুখর এবং তিনি ইরানের সঙ্গে সমঝোতার পক্ষে মত দিয়েছেন। রয়টার্সের সূত্রমতে, ট্রাম্প আপাতত সমঝোতার চেয়ে অর্থনৈতিক চাপ বাড়ানোর মাধ্যমেই মাঝামাঝি একটি পথ বেছে নিয়েছেন।
প্রশাসনের এই কৌশলের পেছনে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সমর্থন রয়েছে। তবে কুইন্সি ইনস্টিটিউটের ট্রিটা পারসির মতে, দীর্ঘমেয়াদী অবরোধ অস্থিতিশীলতা বাড়াতে পারে এবং শেষ পর্যন্ত সামরিক সংঘাতে রূপ নিতে পারে। তিনি মনে করেন, ট্রাম্প হয়তো কাগজে-কলমে নিষেধাজ্ঞা বহাল রেখে বাস্তবে তা ধীরে ধীরে শিথিল করে নতুন ভারসাম্য তৈরির চেষ্টা করবেন।
নির্বাচনী ফলাফলের প্রভাবও মার্কিন এই কৌশলে স্পষ্ট। সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির নেগার মোর্তাজাভি জানান, রিপাবলিকান পার্টির নির্বাচনী পরাজয় সংঘাত বাড়ানোর রাজনৈতিক ব্যয় অনেক বাড়িয়ে দিয়েছে। রয়টার্স/ইপসোসের জরিপ অনুযায়ী, ৭১ শতাংশ মার্কিন নাগরিক ইরান যুদ্ধ বন্ধে কংগ্রেসে আইন পাসের পক্ষে। ডেমোক্র্যাটদের মধ্যে এই সমর্থন ৯৩ শতাংশ এবং রিপাবলিকানদের মধ্যে ৫১ শতাংশ। এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি স্পষ্ট করেছেন যে, নিষেধাজ্ঞা বা সামরিক চাপ দিয়ে এই যুদ্ধ শেষ হবে না। তেহরান তাদের দাবি অনুযায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার ও মার্কিন সামরিক উপস্থিতি কমানোর শর্তে অটল। কাতারের মধ্যস্থতায় আলোচনার চেষ্টা চললেও, ইরানি কর্মকর্তারা এই আলোচনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন এবং নতুন কোনো হামলা হলে পাল্টা আক্রমণের হুমকি দিয়েছেন।




