সোমবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় জনমনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফার্মগেট, মিরপুর, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সাউথইস্ট ইউনিভার্সিটি, ঢাকা সিএমএম আদালত প্রাঙ্গণ ও বাঙলা কলেজসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এসব নাশকতার খবর পাওয়া গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৯টার দিকে মিরপুর সাড়ে ১১ নম্বর পোস্ট অফিসের সামনে বসুমতি পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। পল্লবী থানার ওসি জালাল উদ্দিন জানান, বাসে অগ্নিসংযোগের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ঘটনার তদন্ত চলছে। এর আগে সন্ধ্যা পৌনে ৭টার দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে লাব্বাইক পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়া হয়। একই সময়ে সাউথইস্ট ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান জানিয়েছেন, এসব ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য নেই।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটসংলগ্ন পার্কিং এলাকায় দুটি বাসের মাঝে ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। প্রক্টর অধ্যাপক নাছির আহমাদ জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ দেখে দায়ীদের শনাক্ত করা হবে। এছাড়া কোতোয়ালি থানাধীন সিএমএম আদালত প্রাঙ্গণেও ককটেল বিস্ফোরণ হয়েছে, যেখানে উপস্থিত জনতা সন্দেহভাজন দুজনকে আটক করে এবং তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে মগবাজার ফ্লাইওভারে পুলিশের চেকপোস্টে তল্লাশিকালে ককটেলসহ চারজনকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ। বাঙলা কলেজ ফটকে ককটেল বিস্ফোরণের পাশাপাশি ফটকের পাশের দোকানে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার পাশ থেকে ককটেলভর্তি একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। এছাড়া মালিবাগ মোড়, মগবাজার মোড়, আদাবরের টোকিও স্কয়ারের সামনে, যাত্রাবাড়ী ও গেন্ডারিয়া সংলগ্ন দয়াগঞ্জ ব্রিজের নিচেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।




