অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত প্রকৃত আসামি মো. আলমাছের পরিবর্তে ভুল পরিচয়ে গ্রেপ্তার হয়ে ১০ মাস ধরে কারাভোগ করা মো. আলমাসকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ কারা কর্তৃপক্ষকে এই আদেশ প্রদান করেন।
আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী তানভীর আহমেদ এবং রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মহিউদ্দিন হানিফ। এর আগে গত ৫ নভেম্বর হাইকোর্টে দাখিল করা বিচারিক অনুসন্ধান প্রতিবেদনে উঠে আসে যে, প্রকৃত সাজাপ্রাপ্ত আসামি মো. আলমাছ বিচারপ্রক্রিয়ার শুরু থেকেই পলাতক রয়েছেন এবং বর্তমানে তিনি কানাডায় অবস্থান করছেন।
অনুসন্ধানে আরও জানা গেছে, কারাগারে থাকা মো. আলমাস ঢাকার দোহার উপজেলার কুসুমহাটির বাসিন্দা শেখ খলিলের ছেলে এবং তিনি ওই মামলার আসামি নন। অন্যদিকে, প্রকৃত সাজাপ্রাপ্ত মো. আলমাছ দোহারের নয়াবাড়ী ইউনিয়নের পূর্ব ধোয়াইর গ্রামের মো. খলিলুর রহমানের ছেলে। মিরপুর থানার অস্ত্র আইনের মামলায় সাজাপ্রাপ্ত আসামির সাথে নাম ও ঠিকানার মিল থাকায় নিরপরাধ আলমাসকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। এ ঘটনায় আইনি প্রতিকার চেয়ে তিনি হাইকোর্টে রিট দায়ের করেন।




