সাংবাদিকদের নিয়ে অবমাননাকর বক্তব্য ও পেটানোর হুমকি দেওয়ার অভিযোগে ইসলামী বক্তা ড. সৈয়দ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসিকে আইনি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। গণমাধ্যম কর্মী আজহারুল ইসলাম সুজনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী খাদেমুল ইসলাম রবিবার এই নোটিশ প্রদান করেন।
আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ১৯শে অক্টোবর চাঁদপুর জেলার মতলব উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে এনায়েতুল্লাহ আব্বাসি সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তিনি তার বক্তব্যে বলেন, ‘সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো। এগুলোরে কুত্তার মতো পেটানো দরকার।’
বক্তব্যের একপর্যায়ে তিনি আরও বলেন, ‘একটা যুবক প্রতিমন্ত্রীর দায়িত্বে থেকে তার বাহিনী নিয়ে মাদক সিন্ডিকেটের চেইনকে ভেঙে ফেলার চেষ্টা করেছে। সাংবাদিকরা ইতিবাচক সংবাদটা প্রচার করে নাই, প্রচার করেছে পিস্তল নিয়ে দৌড়িয়েছে। এই সাংবাদিকগুলো হচ্ছে সাংঘাতিক। এরা হলুদ সাংবাদিকতা করে। এরা বিদেশি ইন্টিলিজেন্স ব্রাঞ্চ কর্তৃক পয়সায় চলে। বাংলাদেশ ভালো হোক এটা তারা চায় না।’
নোটিশে দাবি করা হয়েছে, এই ধরনের বক্তব্যের মাধ্যমে তিনি নিজে এবং তার অনুসারীদের মাধ্যমে সাংবাদিকদের ওপর হামলার উসকানি দিয়েছেন, যা সাংবাদিকতার জন্য একটি ভীতিকর পরিবেশ তৈরি করেছে। এ ধরনের মন্তব্য সাংবাদিকতা পেশা ও পেশাদার সাংবাদিকদের জন্য চরম মানহানিকর এবং তাদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।
আইনজীবী খাদেমুল ইসলাম জানান, নোটিশ প্রাপ্তির সাত কার্যদিবসের মধ্যে এনায়েতুল্লাহ আব্বাসিকে তার বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা না চাইলে সাংবাদিক ও সাংবাদিকতা পেশা সম্পর্কে অবমাননাকর বক্তব্য, মানহানি, হামলার হুমকি ও উসকানি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।



