জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে দেশটির রাজধানী টোকিওর উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। সফরসূচি অনুযায়ী আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত তিনি জাপানে অবস্থান করবেন।
টোকিও যাত্রার প্রাক্কালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সেই সঙ্গে সংশ্লিষ্ট উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান। এছাড়া প্রতিনিধিদলে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
প্রতিনিধিদলের অন্যান্য সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খানসহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম প্রতিনিধিরা। চার দিনের সফর শেষে আগামী ২৯ অক্টোবর জাপান থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাত ১০টা ৩৫ মিনিটে দেশে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।




