লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের মজুচৌধুরীর হাটে আওয়ামী লীগ নেতাদের মালিকানাধীন ছয়টি বালুর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। রোববার (২৫ অক্টোবর) রাতে এ হামলা চালানো হয়। এতে একজন আহত হয়েছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যায় ২০ থেকে ৩০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে মজুচৌধুরীর হাটে তাণ্ডব চালায়। তারা একে একে আওয়ামী লীগ নেতাদের মালিকানাধীন ৬টি বালুর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং ক্যাশে রাখা নগদ টাকা লুট করে নেয়। ভুক্তভোগীদের অভিযোগ, চাঁদা না পেয়ে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন।
তবে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন জেলা ছাত্রদলের সভাপতি আবুল বারাকাত সৌরভ। তিনি দাবি করেন, সংগঠনের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত নন। স্বার্থসংশ্লিষ্ট কোনো কারণে বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ ছাত্রদলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে থাকতে পারে।
ঘটনার পর পর স্থানটি পরিদর্শন করেন লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ। তিনি জানান, ঘটনার পেছনে অপরাধী যেই হোক না কেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।




