ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সিনেটর ফ্লাভিও বলসোনারোকে পরাজিত করে নজিরবিহীন চতুর্থ মেয়াদে জয়লাভ করেছেন বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। দেশটির সরকারি নির্বাচনি সংস্থার প্রকাশিত ফলাফলে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
৯৯ দশমিক ৮১ শতাংশ ভোট গণনার শেষে লুইজ ইনাসিও লুলা দা সিলভা ৫১ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়ে জয় নিশ্চিত করেছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৮ দশমিক ২৪ শতাংশ ভোট। সামান্য ব্যবধানে এগিয়ে থেকে এই জয় অর্জন করেন লুলা, যা তাকে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে চতুর্থ মেয়াদে দায়িত্ব পালনের সুযোগ করে দিয়েছে।
লুলার জন্য এই জয় মোটেও সহজ ছিল না। গত ৪ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনের প্রথম দফায় ফ্লাভিও বলসোনারো তাকে পেছনে ফেলে এগিয়ে ছিলেন। মাত্র তিন সপ্তাহের ব্যবধানে নির্বাচনের ফল ঘুরিয়ে দেওয়া নিয়ে সংশয় থাকলেও শেষ পর্যন্ত কঠিন লড়াইয়ে জয়ী হয়েছেন তিনি।
এর আগে ২০০৩ সালের জানুয়ারি থেকে ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত টানা দুই মেয়াদে লুইজ ইনাসিও লুলা দা সিলভা ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০২৩ সালের জানুয়ারিতে তিনি পুনরায় দায়িত্ব গ্রহণ করেছিলেন। লাতিন আমেরিকার বর্তমান রাজনৈতিক ধারার বিপরীতে এই জয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বর্তমানে আর্জেন্টিনা, চিলি ও কলম্বিয়ার মতো দেশগুলোতে ভোটাররা ক্ষমতাসীনদের প্রত্যাখ্যান করে ডানপন্থী বা রক্ষণশীল নেতাদের বেছে নিচ্ছেন। এমন আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই বামপন্থী নেতা লুলা নিজের জয় ধরে রাখতে সক্ষম হলেন।
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০৬: ২৪আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৬: ৩৩




