সেলিম উদ্দিন, ঈদগাঁও: কক্সবাজারের ঈদগাঁও হাসপাতাল সড়কে দীর্ঘদিন ধরে পরিকল্পিত ড্রেনেজ ও পয়োনিষ্কাশন ব্যবস্থার অভাবে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন স্থানে হাটু পরিমান পানি জমে থাকে। ফলে পথচারী, রোগী, স্বজন এবং স্থানীয় ব্যবসায়ীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ময়লা-আবর্জনা ও বিভিন্ন ধরনের বর্জ্য সড়কের পাশে জমে থেকে পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও হুমকি সৃষ্টি করছে।
ব্যবসায়ী ও স্থানীয়দের অভিযোগ, নিয়মিত বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অভাবে হাসপাতাল সড়কের পরিবেশ দিন দিন নাজুক হয়ে উঠছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়, যা চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা তৈরি করে।
এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত পরিকল্পিত ড্রেনেজ ও পয়োনিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা, সড়কের পাশে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ এবং স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন স্থানীয় ও ব্যবসায়ীরা।




