সেলিম উদ্দিন, ঈদগাঁও: কক্সবাজাaরের ঈদগাঁওয়ে নিখোঁজের পর মুক্তিপণ দাবির ঘটনায় কথিত ভিকটিম মো. ইব্রাহিম (১৫) ও তার এক সহযোগীকে উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (০৪ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার ধলিরছড়া পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ইব্রাহিম রাজশাহীর বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের গ্রাহানপুর গ্রামের চয়নের ছেলে। তার সহযোগী ঈদগাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ভুতিয়াপাড়ার সোলাইমানের ছেলে টমটম চালক মো. ফয়সাল (১৮)।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই আশরাফ হোসেন জানান, কথিত ভিকটিমের ফুফাতো ভাইয়ের করা জিডির ভিত্তিতে সিভিল পোশাকে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এক পর্যায়ে ধলিরছড়া পাহাড়ি এলাকা থেকে ইব্রাহিম ও তার সহযোগীকে উদ্ধার করা হয়।
তিনি বলেন, উদ্ধার হওয়ার পর ইব্রাহিম স্বীকার করে যে, সে তার আত্মীয় কালাম সরদারের অধীনে ঈদগাঁও এলাকায় পাটি বিক্রি করত। ঘটনার দিন পাটি বিক্রির টাকা দিয়ে ভুতিয়াপাড়া এলাকার এক টমটম চালকের সঙ্গে গাঁজা সেবন করে। পরে মালিককে টাকার হিসাব দিতে না পারার ভয়ে তারা পরিকল্পনা করে ধলিরছড়া পাহাড়ে আত্মগোপন করে অপহরণের নাটক সাজায়।
এ সময় মোবাইল ফোনে মালিকের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং সেই টাকা সহযোগী টমটম চালকের কাছে দিতে বলা হয়।
ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানায়, প্রাথমিকভাবে সন্দেহ হওয়ায় টমটম চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার প্রকৃত তথ্য বেরিয়ে আসে। পরে সিভিল পোশাকে অভিযান চালিয়ে কথিত ভিকটিমকে উদ্ধার করা হয়।




