ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি সাংসদ ও তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেছেন, আমি চাই আওয়ামী লীগের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হোক। তবে ঐক্যবদ্ধ হয়ে ভাণ্ডারী ঠেকাও এ মানসিকতায় মেতে না উঠে মাননীয় প্রধানমত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।
আমি আগামী নির্বাচনেও ফটিকছড়ি থেকে ১৪ দলের প্রার্থী হয়ে নির্বাচন করব। আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অংঙ্গ সংগঠন আমার দরকার। এর বাইরে যাওয়ার কোন সুযোগ নাই। আমি আর কোন বিশেষ ব্যক্তি বা বিশেষ গোষ্ঠির জন্য ব্যবহার হবনা। আমি ব্যবহার হব আওয়ামী লীগের স্বার্থে এবং ফটিকছড়ির স্বার্থে।
ফটিকছড়ি উপজেলায় আইন-শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব এর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান এড. সালামত উল্লাহ চৌধুরী শাহীন, উপজেলা সহকারী কমিশনার ভূমি এস.এম আলমগীর, ফটিকছড়ি পৌরসভার মেয়র ইসমাইল হোসেন, নাজিরহাট পৌরসভার মেয়র সিরাজুদ্দৌলাহ, ফটিকছড়ি ও ভূজপুর থানার কর্মকর্তাসহ বিভিন্ন ইউপি’র চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানরা এসময় উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, জঙ্গিবাদ-মাদক, চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন সাংসদ।



