চবি প্রতিনিধি: তিন জোড়া বন্ধ থাকা শাটল ট্রেন চালুর দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান ফটকে তালা লাগিয়ে অবরোধ করেন সাধারণ শিক্ষার্থীরা।
২৭ ফেব্রুয়ারি (রোববার) বেলা ১টা ৩০মিনিটে এ অবরোধ কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘন্টাব্যাপী চলে এই অবরোধ। পরবর্তীতে প্রক্টরের আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
অবরোধ কর্মসূচিতে শিক্ষার্থীদের দাবি ছিল, বন্ধ হওয়া শাটল ট্রেন চালু করতে হবে, রেলমন্ত্রী ঘোষিত নতুন ট্রেন জলদি চালু করতে হবে, শাটলে পাথর নিক্ষেপ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
উক্ত অবরোধে চবি সহকারী প্রক্টর প্রফেসর ড. শহীদুল ইসলাম শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির সাথে এরকম পোষণ করে দাবি পূরণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন জানালেও শিক্ষার্থীরা প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবরোধ কর্মসূচি চালিয়ে যেতে থাকে।
পরবর্তীতে প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া উপস্থিত হয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা রেলমন্ত্রীর সাথে কথা বলেছি, তিনি বিষয়টি দ্রুততম সময়ে সমাধান করবেন বলে জানিয়েছেন। তাই যতদিন বন্ধ থাকা শাটল চালু হবে না ততদিন বিকল্প হিসেবে একই শিডিউলে আমরা বাস চালুর ব্যবস্থা করছি।

এতে শিক্ষার্থীরা প্রক্টরের আশ্বাসে অবরোধ কর্মসূচি থেকে সরে আসে।
এ বিষয়ে চবি ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরাফাত হোসেন বলেন, বন্ধ শাটল দ্রুততম সময়ে চালু করতে হবে। অন্যথায় আমরা আগামী রবিবার আবার একই দাবি নিয়ে অবরোধ কর্মসূচি দিতে বাধ্য হবো। পাশাপাশি ৩নং রুটের গাড়িতে হাফ পাশ নিশ্চিত করতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। তাছাড়া এই রুটে বাস স্টাফদের হাতে শিক্ষার্থী হয়রানি বন্ধ করতে হবে।
চবি প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া গণমাধ্যম’কে বলেন, আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করছি। তবে ট্রেন চালু না হওয়া পযন্ত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বন্ধ থাকা শাটল ট্রেনের বিকল্প হিসেবে একই শিডিউলে দুইটা করে বাস চলবে।
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি থেকে রেলওয়েতে রানিং স্টাফদের আন্দোলনের জেরে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টার (ক্রু) স্বল্পতা দেখিয়ে চবি রুটে চলাচলকারী তিন জোড়া শাটল ট্রেন বন্ধ ঘোষণা করে রেলওয়ে কর্তৃপক্ষ।
বন্ধ থাকা ট্রেনের সময়সূচি হলো চট্টগ্রাম শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সকাল ৭.৩০মিনিট, ৯.৪৫মিনিট ও বিকাল ৩.৫০মিনিটের ট্রেন এবং ক্যাম্পাস থেকে চট্টগ্রাম শহরগামী সকাল ৮.৪৫মিনিট, দুপুর ২.৩০মিনিট ও বিকাল ৫.৩০মিনিটের ট্রেন।



