বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়িতে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে রোয়াংছড়ি সদর ইউনিয়নের নতুনপাড়া নামক এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহতের নাম মংসিং শৈ মারমা (৪০)। তিনি ওই গ্রামের মৃত নিসামং মারমার ছেলে। তিনি আঞ্চলিক রাজনৈতিক দল জেএসএস এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে স্থানীয়রা জানিয়েছেন।
পুলিশ ও নিহতের পরিবার জানিয়েছে, মংসিং গোসল করার জন্য বাড়ির পাশে টিউবওয়েলে গেলে ৭-৮জনের একটি অস্ত্রধারী গ্রুপ এসে তাকে ব্রাশ ফায়ার করলে ঘটনাস্থলেই মারা যান। তার মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এদিকে খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মান্নান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের জন্য গেছেন। তবে হত্যার কারণ বা জড়িতদের বিষয়ে কোন তথ্য জানাতে পারেননি তিনি।



