কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে টানা বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলছে। এজন্য নির্বাচন পরিচালনা কমিটি ইতিমধ্যেই সুন্দর ও সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠানের লক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন। জেলার আলোচিত এই নির্বাচনে দুটি প্যানেলে ১৭টি পদের জন্য প্রতিদ্বন্ধিতা করছেন ৩৪ জন প্রার্থী।
এই নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে আদালত প্রাঙ্গণে। প্রচারণার অংশ হিসেবে সপ্তাহ পূর্বে থেকে স্ব স্ব প্রার্থীদের পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ভরে গেছে আদালতসহ আশপাশের এলাকা।
অবশ্যই নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী শেষ মুহূর্তের প্রচারণা চালিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে ভোট ভিক্ষার বার্তা অব্যাহত রেখেছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রতিযোগিতায় নেমেছে ভোট প্রার্থনায়। এ কারণে ভোটারদের মাঝেও তৈরি হয়েছে উৎসাহ-উদ্দীপনা।
শেষ মুহূর্তে কে বিজয়ের মুকুট ছিনিয়ে নিচ্ছে সেটা দেখার অপেক্ষায় সাধারণ ভোটাররা। তবে যোগ্য প্রার্থীকে বিজয় করে জেলা আইনজীবী সমিতিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশায় ভোটাররা।
এবারের নির্বাচনে বরাবরের মতোই দুটি প্যানেলে লড়ছেন একদিকে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল থেকে সভাপতি পদে তিন বারের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল এবং সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক ও কক্সবাজার জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ তারেক প্রার্থী হিসেবে লড়ছেন। প্যানেলের অন্যান্য প্রার্থীদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি পদে এড. মোহাম্মদ জাকারিয়া-১, সহ-সভাপতি পদে এড. ফখরুল ইসলাম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) পদে এড. নুরুল ইসলাম (সায়েম) সহ-সাধারণ সম্পাদক (হিসাব) পদে এড. মো. আকতার হোসেন, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে এড. বাবুল মিয়া, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক পদে এড. মনিরুল ইসলাম, সদস্য পদে যথাক্রমে এড. মোহাম্মদ ইসহাক, এড. আব্বাছ উদ্দিন চৌধুরী, এড. কফিল উদ্দিন চৌধুরী, এড. আমানুল হক, এড. মোহাম্মদ রিদুয়ান (আলী), এড. তাজমিন হুদা চৌধুরী, এড. মোহাম্মদ আলম, এড. শবনম মুস্তারী ও এড. জুলকার নাঈম জিল্লু।
অন্যদিকে, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, আইনজীবী ঐক্য পরিষদের প্যানেল থেকে সভাপতি পদে সিনিয়র আইনজীবী, বর্তমান নির্বাহী কমিটির সহ সভাপতি এডভোকেট মোহাম্মদ আমির হোসেন এবং সাধারণ সম্পাদক পদে সাবেক সহ সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কক্সবাজার জেলা বার ইউনিটের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোহাম্মদ তাওহিদুল আনোয়ার লড়ছেন। প্যানেলের অন্যান্য প্রার্থীদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি পদে এড. মোহাম্মদ আবু তাহের-২, সহ-সভাপতি পদে এড. নাজিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) পদে এড. শাহাব উদ্দিন সাহীব, সহ-সাধারণ সম্পাদক (হিসাব) পদে এড. মাহবুবুল আলম টিপু,পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে এড. মোহাম্মদ শাহিন, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক পদে এড. রবিউল আরাফাত বাপ্পা, সদস্য পদে যথাক্রমে এড. এস এম নুরুল ইসলাম, এড. ইব্রাহিম খলিল, এড. মোহাম্মদ সাদেক উল্লাহ, এড. মোস্তাক আহমদ চৌধুরী, এড. মোহাম্মদ ইসহাক, এড মোহাম্মদ আব্দুর রহিম, এড. ইফতিখার মাহমুদ, এড. দেলোয়ার হোসেন কুতুবী ও এড. আবুল কাশেম।
গঠনতন্ত্র অনুযায়ী, কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবন ও চকরিয়া উপজেলা আইনজীবী সমিতি ভবনে পৃথক দু’টি ভোট কেন্দ্রে একই সাথে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহন চলবে। এর মধ্যে চকরিয়া ও কুতুবদিয়া আদালতে কর্মরত আইনজীবীদের নিয়ে প্রকাশিত পৃথক একটি ভোটার তালিকার ভোট গ্রহন করা হচ্ছে চকরিয়া উপজেলা আইনজীবী সমিতি ভবনে। অপর একটি ভোটার তালিকার ভোট গ্রহন করা হচ্ছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির মূল ভবনের দু’তলায়।
নির্বাচন পরিচালনার জন্য সিনিয়র আইনজীবী এডভোকেট মুহাম্মদ বাকের-কে প্রধান নির্বাচন কমিশনার, এডভোকেট মোহাম্মদ ফেরদাউস ও এডভোকেট নুর উল আলম-কে সহকারী প্রধান নির্বাচন কমিশনার, এডভোকেট আবু ছিদ্দিক, এডভোকেট ফরিদ আহামদ, এডভোকেট নুর আহমদ-২ এবং এডভোকেট সিরাজ উল্লাহসহ ৭ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের দায়িত্বে রয়েছে।
ভোটাররা জানিয়েছেন, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন হচ্ছে অন্য সংগঠনের চেয়ে আলাদা। কারণ, সব ভোটাররা উচ্চ শিক্ষিত এবং পেশায় আইনজীবী। তাই, প্রতিটি পদে হাড্ডাহাড্ডি লড়াই হবে। বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হবে।



