খুলনা প্রতিনিধি: খুলনায় মাটির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ১০৫ রাউন্ড থ্রিনটথ্রি রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নগরীর মৌলভীপাড়া টিভি বাউন্ডারি রোডের মো. ইফতেকার আহম্মেদের বাড়ির পেছনের বিলকিস বেগমের পরিত্যক্ত জমি থেকে এই গুলি উদ্ধার করা হয়।
নির্মাণ শ্রমিক মো. রবিউল ইসলাম জানান, মাটিতে খোয়া ও পাথরের পরিমাণ বেশি। কোদাল ব্যবহার করা যাচ্ছিল না। সেখানে শাবল ব্যবহার করে কাজ করছিলাম। হঠাৎ শক্ত জিনিস বেধে যায়। কোদাল দিয়ে মাটি সরিয়ে একটি লোহার বাক্স পাওয়া যায়। সেটির মুখ খুলে গুলি দেখতে পেয়ে ভয় পান তিনি। পরে বাড়ির মালিককে খবর দিলে তিনি থানায় ফোন দিলে পুলিশ সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল-মামুন গণমাধ্যমকে জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর ৮নম্বর মৌলভীপাড়া টিভি বাউন্ডারি রোডের বিলকিস বেগমের পরিত্যক্ত জমির পশ্চিম পাশে দেওয়ালের কাছে বিল্ডিং নির্মাণ করার জন্য মাটি খনন করা হচ্ছিল। এ সময় মাটির আনুমানিক চার ফিট নিচে নিষ্ক্রিয়, পরিত্যক্ত ও ভাঙ্গাচুরা এবং কাদামাটি মেশানো অবস্থায় ১ হাজার ১০৫ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি পাওয়া যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উক্ত গুলি উদ্ধার করে। বর্তমানে সেগুলি খুলনা থানা মালখানায় জমা রাখা হয়েছে। উদ্ধার করা গুলিগুলো ১৯৭১ সালের যুদ্ধের সময়ের হতে পারে। কারণ এ গুলো অনেক পুরাতন ও নষ্ট।



