কক্সবাজার প্রতিনিধি: চকরিয়ায় পিকআপের ধাক্কায় গুরুতর আহত রক্তিম সুশীলও মারা গেছেন।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে একই দূর্ঘটনায় মারা গেলেন ৬ ভাই।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের পিসতুতো ভাই লিটন শর্মা।
গত ৮ ফেব্রুয়ারি ভোরে সড়কের পূর্ব পাশে মৃত বাবার উদ্দ্যেশে পূজা দিয়ে বাড়ী ফিরতে একসঙ্গে রাস্তা পার হচ্ছিল ৮ ভাই-বোন। এসময় কক্সবাজারমুখি একটি পিকআপ তাদের ধাক্কা দিলে ৫ ভাই নিহত এবং ৩ ভাই-বোন আহত হন।
এ ঘটনায় ওই রাতে নিহতদের ভাই প্লাবন সুশীল বাদী হয়ে চকরিয়া থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করেন। দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন রক্তিম সুশীল ও হীরা রাণী সুশীল।
গত ১১ ফ্রেব্রুয়ারি ঘটনায় অভিযুক্ত চালক সাহিদুল ইসলাম সাইফুলকে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করে র্যাব। ইতোমধ্যে তাকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।



