দি ক্রাইম, বরিশাল : বিনম্র শ্রদ্ধায় নানা কর্মসূচির মধ্যদিয়ে বরিশালবাসি ভাষা শহিদদের স্মরণ করলো। দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে মানুষের ঢল নামে। শহিদ দিবসে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। দিবসে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়েও ভাষা শহিদদের স্মরণ করা হয়।
দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এর পরে বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, উপমহা পুলিশ পরিদর্শক এসএম আখতারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন পিপিএম শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।
২১শে ফেব্রুয়ারি সকালে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো: আমিন উল আহসান। তিনি বলেন, বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য সকল ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহার করতে হবে। ইংরেজি ভাষা ব্যবহার করবো তবে বাংলাকে বাদ দিয়ে নয়। তিনি আরও বলেন, একুশে ফেব্রুয়ারি এখন শুধু বাঙালির নয়। এটা এখন আন্তর্জাতিকভাবেও পালন করা হয়, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের।
জেলা শিল্পকলা একাডেমির অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপমহা পুলিশ পরিদর্শক এসএম আখতারুজ্জামান, বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার, বিএম কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন পিপিএম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান হাবিব, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, বীর প্রতীক বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক ও বরিশাল সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি প্রফেসর শাহ সাজেদা, প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় ১৮ জন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বই ও সনদপত্র বিতরণ করা হয় ।
উপজেলাগুলোতেও অনুরূপ কর্মসূচির মধ্যদিয়ে ভাষা শহিদদের শ্রদ্ধা জানানো হয়।
Post Views: 578



