ঢাকা ব্যুরো: প্রাকৃতিক এবং মানবসৃষ্ট দুর্যোগ থেকে শহরকে নিরাপদ এবং শক্তিশালী করতে নগরবাসীকে তাদের নিজস্ব পদক্ষেপ গ্রহণকে উৎসাহিত করতে দুর্যোগ ঝুঁকি হ্রাস (ডিআরআর) প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় জাপান ভিত্তিক বেসরকারি সংস্থা সিডস এশিয়া ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন -ডিএনসিসি’র যৌথ আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয় ।
এ উপলক্ষে আয়োজিত কর্মশালায় নগরবাসীকে প্রধানত চারটি দুর্যোগের বিরুদ্ধে তাদের নিজস্ব প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়। দুর্যোগগুলো হচ্ছে – আগুন, ভারী বৃষ্টি, ভূমিকম্প ও বজ্রপাত।
সিডস এশিয়ার প্রকল্পের অধীনে শুরু হওয়া এ প্রচারাভিযানটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার স্কুলগুলোতে অনুষ্ঠিত হয় । যেখানে শিক্ষার্থীদের হাতে কলমে শেখানো হয় প্রাকৃতিক ও মানবসৃষ্ঠ দুর্যোগ থেকে কিভাবে নিজেকে ও নিজের এলাকাকে সুরক্ষা করা যায়।
সিডস এশিয়ার প্রজেক্ট কো-অর্ডিনেটর মিহারু সাতো বলেন, ক্যাম্পেইন সম্পর্কিত একটি ভিডিওচিত্র তৈরি করা হয়েছে যেখানে দেখানো হয় কিভাবে একজন মানুষ আগুন, ভারী বৃষ্টি, ভূমিকম্প এবং বজ্রপাতের মত দুর্যোগের বিরুদ্ধে নিজেদের প্রস্তুত করতে করতে পারে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তারিক বিন ইউসুফ বলেন, ডিএনসিসি বিভিন্ন দুর্যোগে শহরকে নিরাপদ ও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং সক্রিয়ভাবে ডিআরআর-এ বিভিন্ন প্রকল্প পরিচালনা করছে এবং এই স্কুল ভিত্তিক ডিআরআর প্রকল্প এরই একটি গুরুত্বপূর্ণ অংশ।
প্রকল্পের পুরো সময় জুড়ে শহর জুড়ে শিক্ষক, ছাত্র এবং সম্প্রদায়ের সদস্যদের কাছে দুর্যোগ সংক্রান্ত ম্যানুয়াল এবং হ্যান্ডবুক বিতরণ করা হয়েছিল।



