ফটিকছড়ি প্রতিনিধি: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, বাংলাদেশ ভারত সীমান্তে রামগড় স্থলবন্দর দু’দেশের মৈত্রী সম্পর্ক আরো জোরদার করবে। দু’দেশের ব্যবসায়িক উন্নয়নের প্রসার ঘটবে। তিনি আরো বলেন,ভারত বাংলাদেশের অভ্যন্তরীন বিষয়ে এবং নির্বাচনে কোন ধরনের হস্তক্ষেপ করবেনা।
শনিবার(১৯ ফেব্রুয়ারি) বিকেলে ফটিকছড়িস্থ মাইজভান্ডার দরবার শরীফ আগমন উপলক্ষে এসব কথা বলেন।

এর আগে তিনি চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ত্বরিকত ফেডারেশন (বিটিএফ) এর চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
পরে তিনি মাইজভান্ডার দরবার শরীফের আধ্যাত্বিক সাধক হযরত শাহসূফি মাওলানা সৈয়দ শফিউল বশর আল-হাসানী ওয়াল হোসাইনী; মাইজভান্ডারী (ক:) এর ১০৩তম পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে তাঁর মাজার শরীফে ভারত সরকারের পক্ষ থেকে উপহার স্বরূপ গিলাফ, ফুলের মালা, আতর ছিটানোর মাধ্যমে সস্ত্রীক শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর তিনি হযরত আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী(ক.) ও হযরত গোলামুর রহমান বাবা ভাণ্ডারীর রওজা শরীফে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ ও দু’দেশের প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



