নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারির শ্রদ্ধা নিবেদন এবার চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠের অস্থায়ী শহীদ মিনারে অনুষ্ঠিত হবে। দিনব্যাপী অনুষ্ঠিতব্য এই কর্মসূচির সুশৃঙ্খল উদযাপনে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক দক্ষিণ বিভাগ বিশেষ ট্রাফিক ব্যবস্থা হাতে নিয়েছে।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গৃহিত সিদ্ধান্ত জানানো হয়েছে।
এই ব্যাপারে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) শাহাদাৎ হুসেইন রাসেল জানান, আগামী ২০ ফেব্রুয়ারি রাত ৯টা থেকে নগরীর তিনপুল থেকে আমতল, আমতল থেকে নিউমার্কেট, নিউমার্কেট থেকে আমতল ও সিনেমা প্যালেস থেকে রাইফেল ক্লাব পর্যন্ত সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। এছাড়া তিনপুল মোড় থেকে শিক্ষা অফিস হয়ে আমতল পর্যন্ত একমুখী যান চলাচল করবে। এছাড়া নিউমার্কেট, আমতল, তিনপুল ও সিনেমা প্যালেস মোড়ে সড়কে ব্লক স্থাপন করে যানবাহনগুলো ডাইভারশন করে দেওয়া হবে।
তিনি আরো জানান, শহীদ মিনারে ফুল দিতে আসা সব গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারি কর্মকর্তারা ওয়াসা-কাজিরদেউরী-নেভাল ক্রসিং-লাভ লেন-বৌদ্ধ মন্দির-বোস ব্রাদার্স-রাইফেল ক্লাব হয়ে আমতল মোড় ড্রপিং জোন হিসেবে ব্যবহার করবেন। পরে প্রধান পার্কিং স্থান হিসেবে রাইফেল ক্লাব মাঠে গাড়ি পার্কিং করবেন। এছাড়াও অন্যদিক থেকে আসা গাড়িগুলো নিজ নিজ সুবিধা অনুযায়ী নিউমার্কেট এবং তিনপুল ড্রপিং জোন হিসেবে ব্যবহার করতে পারবেন। অনুষ্ঠানস্থলে আসা সব গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারি কর্মকর্তারা আমতল থেকে হেঁটে চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজের শহীদ মিনারে এসে ফুল দিয়ে পুনরায় আমতল মোড়ে গিয়ে গাড়িতে উঠে জুবিলী রোড হয়ে ফিরবেন।



