শেখ হাসিনা আন্তরিকতায় পাহাড়ে উন্নয়ন হচ্ছে: পার্বত্য মন্ত্রী
বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে দীর্ঘপ্রতিক্ষার কালাঘাটা শিশু পরিবার সংলগ্ন সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ফলক উম্মোচন করে এই কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। সড়কটি উম্মুক্ত হওয়ায় বর্ষা মৌসুমে শিশু পরিবার-কালাঘাটা, বীর বাহাদুর সড়ক-চাইঙ্গ্যা এলাকার হাজার হাজার মানুষ জলাবদ্ধা থেকে মুক্তি পাবে।
অন্যদিকে সাড়ে ১৪ কোটি টাকা ব্যায়ে কালাঘাটা থেকে তালুকদারপাড়া হয়ে রোয়াংছড়ি উপজেলার দূর্গম তারাছা সংযোগ সড়কেরও উদ্বোধন করেন মন্ত্রী।
শনিবার (১৯ফেব্রুয়ারি) সকালে বান্দরবান পৌর এলাকার কালাঘাটা শিশু পরিবার সংলগ্ন এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)র মোট ৩৪কোটি ১৫লক্ষ টাকার কাজের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে এক মতবিনিয়ম সভায় যোগ দেন মন্ত্রী।
এসময় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্যমন্ত্রী বলেছেন- ‘পাহাড়ে উন্নয়ন শেখ হাসিনার অবদান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার শক্তি’। তাঁরই ইচ্ছায় পাহাড়ে উন্নয়নের জোয়ার বইছে। দুর্গম এলাকায় যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে, বিদ্যুতায়ন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নসহ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। এসময় তিনি পাহাড়ে সন্ত্রাস মোকাবেলায় আইন শৃংখলা বাহিনীর ভূয়সী প্রশংসা করেন।
সাংসদ বীর বাহাদুর আরো বলেন- বর্ষা মৌসুম কালাঘাটার মানুষের জন্য দীর্ঘদিনের অভিশাপ ছিল। বহু দুর্ভোগ পোহাতে হয়েছে এখানকার মানুষকে। এই দূর্ভোগ দ্রুত নিরসন করায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগকে ধন্যবাদ জানান তিনি।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- বান্দরবান পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মোস্তফা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো: ইয়াছির আরাফাত, পৌর আওয়ামীলীগ সভাপতি অমল দাশ, পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরী, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শামসুল ইসলাম প্রমুখ।



