নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে ভাসমান ও ছিন্নমূল জনগোষ্ঠীর গণটিকা কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান পুরাতন স্টেশন এলাকায় এ কার্যক্রম উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, জেলা প্রশাসনের বিভিন্ন টিম নগরের পাঁচটি স্থানে ছিন্নমূল ও ভাসমান মানুষদের জনসন অ্যান্ড জনসনের এক ডোজ টিকা দেওয়া হচ্ছে। তাদের দ্বিতীয় ডোজের আর প্রয়োজন নেই। নগরে যারা এমন ভাসমান জনগোষ্ঠী আছে, তাদের খুঁজে বের করে এ টিকার আওতায় আনতে কাজ করছে।
চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবির গণমাধ্যমকে বলেন, আমরা এক লাখ ভ্রাম্যমাণ ও ছিন্নমূল মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। এই টিকা দিতে কোনও কাগজপত্রের দরকার নেই। শুধু তারা এলেই আমরা টিকা দিতে পারবো।
এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক দফতরের উপ-পরিচালক ডা. সাখাওয়াত উল্লাহ, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ ফজলে রাব্বী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাহমুদ উল্লাহ মারুফ, সিভিল সার্জন মো. ইলিয়াছ চৌধুরী।



