দি ক্রাইম, সিলেট : “দাম কমাও, জান বাঁচাও” স্লোগানে নিত্যপণ্যের মূল্য কমানোর দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় সিলেট নগরীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। মিছিলটি সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিটি পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ‘সরকার বাজার সিন্ডিকেটের মাধ্যমে মানুষের পকেট কেটে নিচ্ছে। দেশে আড়াই কোটি মানুষ বেকার ও তিন কোটি মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। শ্রমিক ও কর্মজীবী মানুষদের মজুরি বেতন-ভাতা বাড়েনি। নিত্যব্যবহার্য জিনিসপত্রের দাম লাগামহীন বৃদ্ধি পাওয়ায় দেশের ৯৯ শতাংশ মানুষের ক্রয়ক্ষমতায় বিপর্যয়কর ধস নেমেছে। এ অবস্থায় সরকার দরিদ্র মানুষের যন্ত্রণা লাঘব না করে উল্টো গ্যাস, জ্বালানি তেলসহ অত্যাবশ্যকীয় পণ্যের দাম দ্বিগুণ করার পাঁয়তারা করছে।
বক্তারা বলেন, ‘অবিলম্বে চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের দাম কমাতে হবে। গ্যাস পানির দাম বৃদ্ধি করা চলবে না। যদি গ্যাস পানির দাম আবারো বাড়ানো হয়, তাহলে সারা দেশের জনগণকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
’বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির সভাপতি কমরেড সৈয়দ ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমরেড খায়রুল হাছানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আনোয়ার হোসেন সুমন, সিপিবি সিলেট জেলার সদস্য ডা. বীরেন্দ্র চন্দ্র দেব, খেলাঘর সিলেট জেলার সাধারণ সম্পাদক তপন চৌধুরী, উদীচী সিলেট জেলার দেবব্রত পাল মিন্টু, বিশিষ্ট আইনজীবী এ কে এম শিহাব, যুব ইউনিয়ন সিলেট জেলার সহ-সাধারণ সম্পাদক এস কে শাকিল, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সহ-সভাপতি হাছান বক্ত চৌধুরী কাওছার, সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রান্তিক ও আহ্বায়ক মনীষা ওয়াহিদ প্রমুখ।
Post Views: 322



