প্রদীপ দাশ কক্সবাজার (সদর) প্রতিনিধি: চলছে ইলিশ ধরা নিষিদ্ধ মৌসুম। গত ২০ মে থেকে শুরু হয়েছে মাছ ধরার নিষেধাজ্ঞা। যা এখটানা চলবে ২৩ জুলাই পর্যন্ত। ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় সরকার সমুদ্রে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে। ফলে বেকার হয়ে পড়েছে কক্সবাজারের ৬৩ হাজার জেলে।
জেলেদের মানবিক সহায়তা হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কক্সবাজারের ৬৩ হাজার জেলেদের জনপ্রতি ৫৬কেজি করে চাল বরাদ্দ দিয়েছে। মাসে ৪০ কেজি চাল বরাদ্দ হলেও আপাতত ৪২ দিনের জন্য এ বরাদ্দ বলে বরাদ্দপত্রে উল্লেখ করা হয়েছে। পরে অবশিষ্ট সময়ের জন্য বাকি চাল ছাড় প্রদান করবে সংশ্লিষ্ট দপ্তর।
জেলা প্রশাসকের ত্রাণ ও পুনর্বাসন শাখা সূত্রে জানা যায়,সাগরের মাছ ধরার নিষিদ্ধ মৌসুম চলছে।এসময় কক্সবাজারের দরিদ্র অসহায় জেলেদের জন্য জন প্রতি ৫৬ কেজি হারে ৬৩ হাজার জেলের জন্য ৩৫৩৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। তবে এর মধ্যে সরাসরি ইলিশ আহরণে জড়িত ৫৪ হাজার জন। বরাদ্দকৃত চাল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে প্রদান করা হলেও মূলত বিতরণ এবং তালিকা প্রণয়ন থেকে শুরু করে উপজেলা ও ইউনিয়ন পরিষদে প্রেরণের সামগ্রিক দায়িত্ব পালন করছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখা। ইতিমধ্যে মানবিক সহায়তার উক্ত চাল বরাদ্দপত্র সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ বরাবরে পাঠানো হয়েছে। উপজেলা থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন নিবন্ধিত জেলেদের তালিকা প্রস্তুত করে অগ্রাধিকার ভিত্তিতে বিতরণের শুরু করেছেন বলে জানিয়েছেন জেলা ত্রাণ ও পূর্নবাসন অফিসের প্রধান সহকারি মো: সিরাজুল ইসলাম।
জেলা প্রশাসকের ত্রাণ ও পুনর্বাসন শাখা সূত্রে জানা যায়, গত মাসের ২০ মে থেকে আগামী ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সাগরের মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। উক্ত নিষিদ্ধ সময়ে জেলেদের পরিবারে মানবিক সহায়তা হিসেবে ৩৫৩৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতি জেলে ৫৬ কেজি করে চাল পাচ্ছে। যেসব জেলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নিবন্ধিত কার্ড পেয়েছে তাদেরকে ওই চাল দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে ওই চাল বিতরণ করা হচ্ছে। মাছ ধরা নিষিদ্ধ সময়ের মধ্যে অর্থাৎ প্রথম কিস্তির ৫৬ কেজি করে চাল জুন মাসের মধ্যেই জেলেদের পরিবারে পৌঁছানোর জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
উপজেলা ভিত্তিক নিবন্ধিত জেলের সংখ্যা বরাদ্দ প্রাপ্ত জেলেও চালের পরিমাণ হলো কক্সবাজার সদরে নিবন্ধিত জেলের সংখ্যা ৮৫৪৪ জনের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৪৭৮ টন। ঈদগাও উপজেলার ১০৭৬ জন জেলের জন্য ৬০ টন। চকরিয়া উপজেলার নিবন্ধিত জেলের সংখ্যা ৫৮৫৭ জনের জন্য ৩২৭ টন। মহেশখালী উপজেলায় ১৪৪৪২ জন নিবন্ধিত জেলের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৮০৮টন। টেকনাফ উপজেলায় ১০ হাজার ৬৮৩ জন নিবন্ধিত জেলের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৫৯৮ টন। পেকুয়া উপজেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ৫১০০ জনের জন্য ২৭৮ টন। উখিয়া উপজেলায় ৩৮৯২ জন নিবন্ধিত জেলের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ২১৭ টন। রামু উপজেলায় ২৭৭৩ জন জেলের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১৫৫ টন। কুতুবদিয়া উপজেলায় ১০৯৫৯ জন নিবন্ধিত জেলের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৬১৩ টন চাল।
এদিকে বরাদ্দকৃত চাল সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাগনকে ১০ কার্য দিবসের মধ্যে বিতরণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। সংশ্লিষ্ট উপজেলার মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাগণকে অবহিত করে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের জন্য একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করে সুচারুরূপে প্রকৃত নিবন্ধিত জেলেদের মাঝে সুশৃংখলভাবে এ চাল বরাদ্দের জন্য উক্ত নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে ১ জন জেলে পরিবারের জন্য ৫৬ কেজি চাল বরাদ্দ নিয়ে হতাশ জেলেরা। ৬৫ দিন নিষেধাজ্ঞা থাকায় পরিবার প্রতি ১ কেজি চাল ও দৈনিক বরাদ্দে পড়েনি যা ৪/৬ জন সদস্যের পরিবারের জন্য খুবই অপ্রতুল বলে মনে করেন জেলেরা। অনেক জেলে দাদন নিয়ে এমনকি উঁচু হারে সুদ নিয়ে পরিবার পরিজনের ব্যয় নির্বাহ করছে। এমনিতেই নিত্যপণ্যের উর্ধগতি তার উপর জীবিকা নির্বাহ অবলম্বন মাছ ধরা বন্ধ যেন মরার উপর খাঁড়ার ঘা হিসাবে উপস্থিত হয়েছে ৬৩ হাজার জেলে পরিবারে। জেলেদের দাবি ৬৫ দিনের নিষিদ্ধ সময়ে অন্তত প্রাণ বাচার মতো বরাদ্দ যেন দেওয়া হয়।




