ঢাকা ব্যুরো: বিএনপির দাবি অনুযায়ী দেশের সব অপরাধীই বিএনপির নেতাকর্মী। আজ শুক্রবার (১৯ এপ্রিল) সকালে কৃষক লীগের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনটি নেতাদের সঙ্গে গণভবনে শুভেচ্ছা বিনিময়কালে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা হয়নি সবই অপরাধের কারণে হয়েছে। এক সময় যারা নুন ভাতের কথা বা ডাল ভাতের কথা চিন্তা করতে পারত না এখন তারা মাছ-মাংস ডিমের কথাও চিন্তা করে। ফলে যারা সরকারি সমালোচনা করেন তাদের সেগুলো মাথায় রেখে উন্নয়ন হয়েছে কি-না তা বিবেচনা করতে হবে।
এসময় বঙ্গবন্ধুর হাতে প্রতিষ্ঠিত আওয়ামী লীগের এই সহযোগী সংগঠনের বিভিন্ন ঐতিহ্য আর ঐতিহাসিক সংগ্রামের কথা তুলে ধরেন সরকার প্রধান। ঐতিহ্যের পাশাপাশি ফসলের মাঠে শিক্ষিত কৃষকের সংখ্যা বাড়াতে কৃষক লীগকে কাজ করার নির্দেশ দেন তিনি।
বীজ, মাছ, ধান, সবজিসহ বিভিন্ন ফসলের উৎপাদন বাড়িয়ে বিদেশ নির্ভরতা আওয়ামী লীগ সরকার কমিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশে বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজ বিপ্লবের সূচনা করেছিলো কৃষক লীগ।
শেখ হাসিনা বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে আওয়ামী লীগ দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ করার উদ্যোগ নিয়েছে। কৃষকদের জন্য বিনা জামানতে ব্যাংক ঋণ, ভর্তুকি মুল্যে সার ও আধুনিক যন্ত্র তার সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছে।
জিয়ার ক্ষমতা দখলের পর থেকে খালেদা জিয়া পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বিচারে হত্যা নির্যাতন করেছে।
পরে কৃষকলীগের নেতাদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন সাংগঠনিক নেতা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।




