নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রক্তিম সুশীলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
বুধবার (৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রক্তিমের আইসিইউ সাপোর্ট প্রয়োজন হওয়ায় ভর্তি করানো হয় বেসরকারি ম্যাক্স হাসপাতালে। চমেক হাসপাতালের আইসিইউ বেড খালি না থাকায় বেসরকারি ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মঙ্গলবার কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন ৪ সহোদর। পরে চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আরও এক ভাইয়ের মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহত আরেক ভাই রক্তিম চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।
ম্যাক্স হাসপাতালের জিএম রঞ্জন প্রসাদ দাশগুপ্ত গণমাধ্যমকে বলেন, সড়ক দুর্ঘটনায় আহত এক রোগীকে ম্যাক্স হাসপাতালে আনা হয়েছিল। জেনারেল হাসপাতালে আইসিইউ খালি থাকায় রোগীর স্বজনরা সেখানে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতাল আইসিইউ’র ইনচার্জ ডা. রাজদ্বীপ বিশ্বাস গণমাধ্যমকে বলেন, আমাদের সঙ্গে রোগীর স্বজনরা যোগাযোগ করেছেন। আইসিইউ খালি থাকায় রোগী নিয়ে আসছেন।



