নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় কীটনাশক পানে আত্মহত্যা করেছে তাছমিন আক্তার (১৭) নামে এক কলেজ ছাত্রী। গত ২০ জানুয়ারী শনিবার রাত ১০টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের জোটপুকুর এলাকায় বসতঘরেই কীটনাশক পান করেছে এ ছাত্রী।
কীটনাশক পানের পর স্বজনরা তাকে তাৎক্ষণিকভাবে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসাসেবা দেয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নেয়ার পথে প্রাণ হারায় কীটনাশক পানে মারাত্মকভাবে আক্রান্ত এ কলেজ ছাত্রী।
স্থানীয় লোকজন জানায়, মা নূর নাহারের সাথে ঝগড়াকে কেন্দ্র করে এ কলেজ ছাত্রী আত্মহত্যার পথ বেছে নেয়। কলেজছাত্রী মৃত আবুল হাশেমের কন্যা ও উপজেলার বার আউলিয়া ডিগ্রী কলেজের ১ম বর্ষের ছাত্রী বলে জানা গেছে।
এলাকাবাসীর মতে গত ৪ বছর পূর্বে এ কলেজছাত্রীর বাবা আবুল হাশেমও কীটনাশক পানে আত্মহত্যা করেছে। তাও পারিবারিক কলহকে কেন্দ্র করে বলে জানা যায়।




