রাঙ্গামাটি প্রতিনিধি: পিডিবির পাওয়ার স্টেশন সংলগ্ন কাপ্তাই হ্রদে এক ব্যক্তি বড়শী দিয়ে মাছ শিকার করছিলেন। এসময় পানিতে ডুবে নিখোঁজ হন তিনি।গতকাল শুক্রবার (১৯ জানুয়ারি)বেলা দু’টায় কাপ্তাই জেটি ঘাট কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের ইনটেকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে। এসময় নৌবাহিনীর ডুবুরী দল ২ঘন্টার চেষ্টায় উদ্ধার তৎপরতা চালিয়ে বিকাল ৪টায় কাপ্তাই হ্রদের পিডিবির ইনটেক নামক স্থান থেকে ডুবে যাওয়া ব্যক্তির মৃত দেহটি উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর শাহিনুর রহমান জানান, মৃত ব্যক্তি চট্টগ্রাম পাঁচলাইশ এলাকা থেকে কাপ্তাই হ্রদে বড়শী দিয়ে মাছ শিকার করতে এসে পানিতে ডুবে মৃত্যুবরণ করেন। সে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার মৃত শওকত আকবরের পুত্র। তার নাম মো. বাপ্পি (৩৩)।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম বলেন, পরিবারের পক্ষ থেকে মৃত ব্যক্তির আত্মীয়স্বজনরা কাপ্তাইয়ে এসেছে। পরবর্তীতে পুলিশ আইনগত প্রক্রিয়া শেষে রাত সাড়ে ১০টায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করেন।




