আনোয়ারা প্রতিনিধি: নানা আয়োজন ও ধুমধামের মধ্যদিয়ে আদরের মেয়ে আফরোজা আলম ইমার বিয়ের আয়োজন করে বাবা নুরুল আলম। বর ও কনে পক্ষ মিলে হাজারের অধিক লোকের খাবার দাবার শেষে মেয়েকে বরের হাতে তুলে দিয়েছিল বাবা। সন্ধ্যায় ঘরে ফিরলে বাবা নুরুল আলম (৫৫)। হৃদরোগে মারা যান।
মর্মস্পর্শী ও হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যার পর আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পশ্চিম রায়পুর গ্রামে কানু মাঝির বাড়িতে।
আজ রবিবার(১৭ ডিসেম্বর) দুপুরে নুরুল আলমের জায়নাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
মৃত্যুবরণকারী নুরুল আলম স্থানীয় মৃত জয়নাল আবেদীনের ছেলে। তার দুই ছেলে ও দুই মেয়ের মধ্য ইমা কনিষ্ঠ কন্যা।
নিহতের ভাগিনা মাস্টার হারুনর রশীদ দি ক্রাইমকে বলেন, পশ্চিম রায়পুর গ্রামের নুরুল আলমের কনিষ্ঠ কন্যা আফরোজ আলম ইমার বিয়ের দিন ধার্য ছিল শনিবার। সেই অনুযায়ী সারাদিন বিয়ে বাড়ি ও স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ছিল আনন্দ উৎসব। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে সন্ধ্যার আগে মেয়েকে স্বামীর বাড়ী পাঠিয়ে দেয়ার পর বাবা নুরুল আলম হৃদরোগে মৃত্যুর কোলে ঢলে পড়েন। একটু আগেই হৈ-হুল্লোড় ও আনন্দে ভরা বাড়িতে মুহূর্তেই শুরু হয় শোকের মাতম।
খবর পেয়ে মেয়ে, মেয়ের জামাই, শ্বশুর ও শাশুড়ি জামাই বাড়ির লোকজন, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী সবাই ছুটে আসেন।
স্থানীয় চেয়ারম্যান আমিন শরীফ বলেন, নুরুল আলমের মৃত্যু হৃদয় বিদারক, এমন একটা মুহুর্তের জন্য কেও প্রস্তুত ছিল না। আনন্দের মুহুর্তটা কান্নায় পরিনত হল।




