নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় বড়হাতিয়া ইউনিয়নে বজ্রপাতে ১ গৃহিনী ও খালের পানিতে ডুবে মারা গেছে ১ শিশু। গত ১৭ সেপ্টেম্বর রবিবার বিকেল ৫টার দিকে বড়হাতিয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের হাজী পাড়ায় বজ্রপাতে মারা গেছে জনু আক্তার (৩০) নামে ১ গৃহিনী। বিকেল বেলা বসতঘরের অদূরে ধানক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে এ গৃহিনী প্রাণ হারায়।
গৃহিনী জনু আক্তার অত্র হাজী পাড়ার নুরুল আলমের স্ত্রী ও ৩ কন্যা সন্তানের জননী বলে জানা গেছে। ১৮ সেপ্টেম্বর সোমবার সকালবেলা পারিবারিক কবরস্থানে এ গৃহিনীকে দাফন করা হয়। বড়হাতিয়া ইউপি মেম্বার মামুনর রশীদ ও হাজী পাড়ার শাহ আলম বজ্রপাতে এ গৃহিনীর মৃত্যুর ব্যাপারে নিশ্চিত করেছেন।
অপরদিকে একই ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বড়ুয়া পাড়ায় খালের পানিতে ডুবে মারা গেছে প্রিতম বড়ুয়া (৭) নামে এক শিশু। ১৮ সেপ্টেম্বর সোমবার সকাল ৯টার দিকে এ শিশুর মৃত্যু হয়েছে বলে জানায় স্থানীয় সূত্র। এ শিশু স্থানীয় বোধিনিকেতন বিহারে ধর্মীয় শিক্ষার জন্য যায়। অন্যদের অগোচরে সে পড়ে যায় নিকটস্থ খালে। পরে খুঁজতে গিয়ে তার মরদেহ পাওয়া যায় ঘটনাস্থল থেকে কিছু দূরে খালের পানিতে। শিশু প্রিতম বড়ুয়া স্থানীয় এমু বড়ুয়ার পুত্র এবং গারাংগিয়া সোনাকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করেছেন বড়হাতিয়া ইউপি মেম্বার আবু বকর। সংবাদ পেয়ে লোহাগাড়া থানাধীন চুনতি পুলিশ ফাঁড়ির এসআই ফারুক আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।




