গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জের তালুককানুপুর ইউনিয়ন ছোট নারায়নপুর গ্রামে গরু চোর আলিফ ও হারুন কাজীকে আটক করেছে স্থানীয় জনগন। পরে বিক্ষুব্ধ জনগণ তাদের গণধোলাই দিয়ে স্থানীয় থানা পুলিশে সোর্পদ করে। এ সময় চোরাই কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করে পুলিশ। আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) ভোররাতে গরু চোর আলিফ (২১) ও পিকআপ চালক হারুন কাজীকে (২৮) আটক করা হয়। তাদের মধ্যে হারুন কাজী রংপুরের কোতয়ালী উপজেলার দেওডোবা গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে এবং গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের বেড়ামালঞ্চা গ্রামের শামীম রেজার ছেলে কাইফ আলম ওরফে আলিফ (২১)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছোট নারায়নপুর জামে মসজিদের নিকটে পিকআপটি দাড় করিয়ে রেখে আলিফ ও হারুন পাশ্ববর্তী বেড়ামালঞ্চা গ্রাম গরু চুরি করতে যায়। তারা ওই গ্রামের কৃষকের গোয়াল ঘর থেকে গরু চুরি করে নিয়ে এসে পিকআপে তুলছিল।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুল ওয়ারেছ জানান, বিষয়টি টের পেয়ে স্থানীয় জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা চোরাই গরুসহ পিকআপটি আটক করে। এ সময় পিকআপের ড্রাইভার হারুন কাজী ও গরু চোর আলিফকে আটক করে গণঢোলাই দিয়ে পুলিশে সোর্পদ করা হয়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ জানান, ওই চোরাই গরুর মালিক বেড়ামালঞ্চা গ্রামের দেলোয়ার হোসেন বাদি হয়ে এ ঘটনায় থানায় একটি মামলা করেছেন। এ মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
Post Views: 212




